লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি: শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ পরিদর্শনে যান সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। সদর উপজেলার ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি সরাসরি শিক্ষার্থীদের পড়াশোনা ও পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন।
২৪ সেপ্টেম্বর এই পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষে ঢোকেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের কাছ থেকে পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। পরিদর্শনের সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসপিয়ারা খাতুন উপস্থিত ছিলেন।



