মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

লিমন-বৃষ্টি হত্যা, তদন্তের মুখে ওপেনএআই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
লিমন-বৃষ্টি হত্যা, তদন্তের মুখে ওপেনএআই

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেনএআই-এর বিরুদ্ধে চলমান একটি অপরাধ তদন্তের পরিধি আরও বাড়িয়েছেন। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হিশাম আবুঘরবেহ লাশ গুম করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন, আদালতের নথিতে এমন তথ্য প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যম ডাব্লিউজিএমই সিবিএস ১৩ এ খবর জানিয়েছে।

সোমবার অ্যাটর্নি জেনারেল উথমিয়ার ঘোষণা করেন, বাংলাদেশি নাগরিক জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ভুক্তভোগীরা নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে থেকেই অভিযুক্ত ঘাতক আবুঘরবেহ চ্যাটজিপিটি ব্যবহার করে লাশ গুম, আগ্নেয়াস্ত্র এবং ট্র্যাকিং পদ্ধতি সম্পর্কে তথ্য অনুসন্ধান করেছিলেন। এর আগেও একটি গণগুলিবর্ষণ চালানোর ঘটনায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে তদন্ত চলছিল, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

এদিকে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রিউ পুসাতেরি শোক প্রকাশ করে জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কোম্পানিটি আইন প্রয়োগকারী সংস্থার সাথে পূর্ণ সহযোগিতা করবে।

নিহত লিমন ও বৃষ্টির স্বজনরা অভিযুক্ত হিশাম আবুঘরবেহর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা অভিযুক্তের বসবাসরত অফ-ক্যাম্পাস আবাসন অ্যাভালন হাইটস-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা ছিল না এবং অভিযুক্ত ব্যক্তিকে ভাড়া দেওয়ার আগে তার কোনও তথ্য যাচাই-বাছাই করা হয়নি।

২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। পরে লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে কালো ট্র্যাশ ব্যাগে পাওয়া যায়, যা অভিযুক্তের কক্ষ থেকে উদ্ধার হওয়া ব্যাগের সঙ্গে মিলে গেছে বলে জানা গেছে। বৃষ্টি এখনও নিখোঁজ থাকলেও পুলিশ কিছু পরিচয়হীন দেহাংশ উদ্ধার করেছে।

হিশামকে গত শুক্রবার একটি ঘরোয়া সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়। বর্তমানে সে ফ্যালকেনবার্গ রোড জেলে বন্দি। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার, মরদেহ সরানো, প্রমাণ লোপাটসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আদালতের নথিতে রক্তের দাগ এবং চ্যাটজিপিটি ব্যবহার সংক্রান্ত তথ্যকে প্রমাণ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

Ads small one

দেবহাটার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
দেবহাটার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষণা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দেবহাটা উপজেলা শাখার আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন স্বাক্ষরিত এক পত্রে উক্ত আহবায়ক কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।
২ নং পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটিতে জাকির হোসেনকে আহবায়ক, আব্দুর আজিজকে সিনিয়র যুগ্মআহবায়ক, যথাক্রমে সাকিব হোসেন, কুতুবউদ্দিন, জিএম মুশফিকুর রহীম, ইয়াসিন সরদার সজীব, হাবিবুর রহমান হাবিব ও রুহুল আমিনকে যুগ্মআহবায়ক এবং মাজহারুল ইসলাম, আল আমিন ও সত্যজিতকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষ ভাবে বলা গেল এবং আগামী ২ মাসের মধ্যে স্ব-স্ব ওয়ার্ডে স্ব শরীরে উপস্থিত হয়ে কর্মী সমাবেশ করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।

 

 

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেন, সার ব্যবসায়ী কেশব সাধু, বিশ্বজিৎ সাধুসহ বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সার নিয়ে কোনো ধরনের রাজনীতি বা কারসাজি করা যাবে না। প্রকৃত কৃষকরা যাতে সহজে ও ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনো ডিলার বা ব্যবসায়ী সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না। বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সাতক্ষীরায় ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকায় একটি ডোবা থেকে বোরকা পরা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা গ্রামের বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড দেওয়ার সময় মুকুলের রোড সিমেন্টের দোকানের পেছনে প্রস্্রাব করতে যান। এ সময় তিনি পাশের ডোবায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।

আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ডোবায় বোরকা পরা অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখনো অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে খুব শিগগিরই পরিচয় শনাক্ত করতে পারব। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।