শ্যামনগরে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, স্থগিতের আবেদন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯৪ নম্বর দক্ষিণ শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভূমিদাতার প্রতিনিধিরা। গত ৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া আবেদনে ভূমিদাতা মৃত ইদ্রিস আলী মোল্যার ছেলে মো. আবদুল্লাহ আল-মামুন জানান, ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অভিভাবক ও ভূমিদাতা সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক সরকারি পরিপত্রের নিয়ম উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠনের চেষ্টা করছেন। সরকারি বিধান অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হয়। তবে প্রধান শিক্ষক নিয়ম না মেনে এসএসসি পাস এক ব্যক্তিকে সভাপতি করার চেষ্টা করছেন। এ ছাড়া সভাপতি পদের জন্য অন্তত তিনজনের তথ্য জমা দেওয়ার বিধান থাকলেও অন্য প্রার্থীদের তথ্য গোপন করে এককভাবে একজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনকারীরা জানান, এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে এবং বর্তমানে এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয়ে লিখিতভাবে জানিয়েও সমাধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, এলাকায় স্নাতক পাস অভিভাবক পাওয়া যাচ্ছে না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইনামুল হক জানান, স্নাতক পাস ছাড়া কারও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই। কম যোগ্যতাসম্পন্ন কাউকে মনোনীত করে পাঠানো হলেও তা দপ্তর থেকে ফেরত আসবে।












