শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় প্রায় ছয় কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রায় ছয় কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: শুক্রবার (০১ মে ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে।

 

মাদরা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী পূর্বপাড়া হতে কোটি ৯৪ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী নীলকুঠির হতে ২ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

 

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেছেন, ইসলামি শিক্ষাব্যবস্থা কোরআনের আলোয় আলোকিত, নৈতিক ও মানবিক মানুষ গড়ার কারখানা। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা পবিত্র কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে। ভবিষ্যতে তারা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। মাদরাসাতু আল-ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফজুল কোরআন ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী, বৃত্তিপ্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত মাদরাসাতু আল-ফুরক্বান হিফজুল কোরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জ দলীয়করণ শুরু করছে: এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জ দলীয়করণ শুরু করছে: এমপি ইজ্জত উল্লাহ

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, “যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একসময় ক্ষমতা থেকেও ছিটকে পড়ে।”

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের সম্মেলনকক্ষে জেলা জামায়াতের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য তুলে ধরে ইজ্জত উল্লাহ বলেন, সরকার ও রাজনৈতিক দল এক নয়। রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দলকে একাকার করে ফেললে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয় এবং জবরদখল ও জুলুমের পরিবেশ তৈরি হয়। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তনের যে প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার তা পূরণ করতে পারছে না। বরং আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে যাওয়ার অভিযোগ করেন তিনি।

সরকারি বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে দলীয়ভাবে ভাগ-বাঁটোয়ারা এবং লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে অনির্বাচিত ব্যক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইজ্জত উল্লাহ আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

এ মর্মান্তিক ঘটনা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে। বাড়ির আশপাশের পুকুর, গর্ত ও পানিভর্তি স্থান নিরাপদ রাখা এবং শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি।