সাতক্ষীরায় ‘বিজ’-এর উদ্যোগে ১ হাজার ৬০০ গাছের চারা বিতরণ
সংবাদদাতা: বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের (বিজ) কৃষি কর্মসূচির আওতায় সাতক্ষীরায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৬০০ চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। সংস্থার সমিতির সদস্য, স্থানীয় কৃষক ও গৃহিণীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সদর শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বোয়ালা আজেলার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জোনের জোনাল ম্যানেজার মো. হারুন-অর রশিদ এবং প্রধান কার্যালয়ের অডিট ম্যানেজার মো. শরিফউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন। সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. সজিবুল ইসলাম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মো. রনি ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেন ও ফলমূলের জোগান দেওয়ার পাশাপাশি অর্থনীতি ও স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশের উন্নতির পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে অতিথিরা প্রশিক্ষণকেন্দ্র ও অফিস চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত কৃষক, গৃহিণী ও সমিতির সদস্যদের হাতে চারা তুলে দেওয়া হয়।












