সুন্দরবনে ফাঁদে পড়া বন্য শুকর উদ্ধার করে অবমুক্ত করল বনবিভাগ
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি বন্য শুকর জীবিত উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা ফাঁদে আটকে থাকা শুকরটি দেখতে পান।
পরে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে বনবিভাগ, সিএমসি ও সিপিজি সদস্যরা যৌথভাবে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ চেষ্টার পর বন্য শুকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পাতা সম্পূর্ণ অবৈধ। এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় তিনি স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুন্দরবনে এখনো কিছু অসাধু শিকারি গোপনে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করে থাকে, যা বনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। শিকারি দমনে বনবিভাগের টহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।












