সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক
সংবাদদাতা: সুবিধাবঞ্চিত মানুষের আবাসন ও জীবনমান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজ। বৃহস্পতিবার কলারোয়া উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নের দমদম-পাঁচপোতা এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঘরে ঘরে যান এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা, বর্তমান সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সংকটের কথা সরাসরি শোনেন। একই সঙ্গে তিনি প্রকল্পের অবকাঠামোগত পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সরকারের এই মানবিক ও মহতী উদ্যোগের সুফল যেন প্রতিটি উপকারভোগীর কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অত্যন্ত আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। নবাগত জেলা প্রশাসককে সরাসরি নিজেদের মাঝে পেয়ে এবং তাঁর কাছ থেকে উন্নয়নের আশ্বাস পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রকল্পের বাসিন্দারা।






