আশাশুনিতে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রাহকেরা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় দিন-রাত জুড়ে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ঘরে-বাইরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের কষ্ট ওষ্ঠাগত রূপ নিয়েছে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, উপজেলায় লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিদ্যুৎ যাওয়া-আসার কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সবার। রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন কর্মজীবনে। পাশাপাশি বিদ্যুৎ সংকটে মোমবাতি ও বিকল্প আলো জ্বালিয়ে পড়াশোনা করতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। উপজেলার বিদ্যুতনির্ভর দোকানপাট, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, ইন্টারনেট ও প্রযুক্তিনির্ভর সেবা খাতগুলো নিয়মিত লোকসানের মুখে পড়ছে। ব্যবসায়ীদের মতে, লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামার কারণে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব ও চাহিদার তুলনায় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় এই সংকট বারবার দেখা দিচ্ছে। এই জনদুর্ভোগের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য মুজাদ্দিস রবিউল বাশার কথা বলেছেন এবং দ্রুত সুরাহার দাবি জানিয়েছেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।












