শ্যামনগর ও আশাশুনিতে ১২ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ
পত্রদূত রিপোর্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনপদে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ১২ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চলতি মাসেই এই চারা রোপণ করা হবে। ইতোমধ্যে জেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সামাজিক বনায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন বলেন, উপকূলীয় এলাকা হিসেবে শ্যামনগর ও আশাশুনি অত্যন্ত দুর্যোগপ্রবণ। পরিবেশ রক্ষা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এই ১২ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির কাজও চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব।
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, পবিত্র মোহন দাস, সিদ্দিকুর রহমান, স ম তুহিন, হোসেন আলী প্রমুখ।
আবুল কালাম আজাদ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে বনায়নের কোনো বিকল্প নেই। সভায় উপস্থিত সদস্যরা অঙ্গীকার করেন, রোপণকৃত চারাগুলো যাতে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে, সেজন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে।












