ভোমরা স্থলবন্দর পার্কিং ইয়ার্ডে চাঁদাবাজির অভিযোগ, বছরে আদায় ১৫ লাখ টাকা
পত্রদূত ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পার্কিং ইয়ার্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। পার্কিং ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আরডিটিএল কোম্পানির দুই নিরাপত্তা প্রহরীর নেতৃত্বে এই কার্যক্রম চলছে বলে ভুক্তভোগী ভারতীয় ট্রাকচালকেরা অভিযোগ করেছেন।
চালকদের অভিযোগ, চাল ও ফলবাহী ট্রাক থেকে প্রতি ট্রিপে ৫০ টাকা এবং অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে ৩০ টাকা করে বাধ্যতামূলভাবে চাঁদা নেওয়া হচ্ছে। ৪ নম্বর প্রবেশদ্বার দিয়ে পণ্য খালাস করে বের হওয়ার সময় সিসি ক্যামেরার আড়ালে এই অর্থ আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে।
ভোমরা কাস্টম হাউসের জনপ্রশাসন শাখা সূত্রে জানা গেছে, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ৫২ হাজার ৯৭৬টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এই পার্কিং ইয়ার্ডে প্রবেশ করেছে। সেই হিসাবে বছরে প্রায় ১৫ লাখ ৮৯ হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অর্থ আদায় করে শুক্রবার সকালে নিজেদের মধ্যে বণ্টন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, চাঁদা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। তবে অনতিবিলম্বে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পার্কিং ইয়ার্ডের ১ নম্বর গেট সংলগ্ন প্রাচীরের জায়গা দখল করে অবৈধ ভাসমান স্থাপনা গড়ে তোলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বন্দর সংশ্লিষ্ট বাসিন্দারা।






