শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরো ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।

এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।

দেবহাটায় তেল পাম্প সংকট: চরম ভোগান্তিতে স্থানীয়রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
দেবহাটায় তেল পাম্প সংকট: চরম ভোগান্তিতে স্থানীয়রা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কোনো তেল পাম্প না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষ। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হয়ে পাশের উপজেলায় যেতে হলেও সেখানেও নানা জটিলতার কারণে তেল পাচ্ছেন না তারা।

স্থানীয়দের অভিযোগ, বাইরের উপজেলার অনেক পাম্পে স্থানীয় পরিচয় বা নির্দিষ্ট এলাকার গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে দেবহাটার মানুষ তেল নিতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে।

এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন চালক, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রচালক ও সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরা। অনেকেই বলছেন, জ্বালানির অভাবে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
দেবহাটা উপজেলার বাসিন্দারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজেলায় দ্রুত একটি তেল পাম্প স্থাপন কিংবা বিকল্পভাবে জ্বালানি সরবরাহের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

সাতক্ষীরা র‌্যাব ও পুলিশের অভিযানে ২৬৩৭পিস ইয়াবাসহ আটক ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরা র‌্যাব ও পুলিশের অভিযানে ২৬৩৭পিস ইয়াবাসহ আটক ৫

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৬৩৭পিস ইয়াবাসহ ৫জনকে আটক করা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরো ৬জনকে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার নিয়মিত মর্ণিং রিপোর্টে ১১জন গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমান ২ টার দিকে শহরের পলাশপোল মধুমাল্লারডাংঙ্গী এলাকা থেকে ইয়াসিন আরাফাত নামক এক যুবককে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২৫২০ পিস ইয়াবা।

র‌্যাব জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পলাশপোল মধুমাল্লারডাংঙিকে কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক সিন্ডিকেট স্থানীয় যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বেশ কিছুদিন ধরেই তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছিল। র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে জেলা পুলিশের বিশেষ শাখার প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর থানায় ৫জন, কালিগঞ্জ থানায় ২জন, ও আশাশুনি থানায় ৪জনকে আটক করা হয়। এরমধ্যে সদর থানায় পৃথক ৩টি ঘটনায় ৪জনকে ২৬৩২পিস ইয়াবা এবং আশাশুনি থানায় ১জনকে ৫পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সদর ও আশাশুনি থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা

১. সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমসহ আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

২. সাতক্ষীরা মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করতে হবে।

৩. আয়তন ও জনসংখ্যা বিবেচনায় সাতক্ষীরায় আরো একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমঃ বাস্তবায়ন করতে হবে।

৪. অবিলম্বে ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গরূপে এবং বসন্তপুর নৌবন্দর চালুর দ্রুত ব্যবস্থা নিতে হবে।

৫. সাতক্ষীরায় জেলা সদরসহ সকল উপজেলায় আধুনিক মানের স্টেডিয়াম, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করতে হবে।

৬. জেলার পর্যটন শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভ্যন্তরে একাধিক পর্যটন স্পট নির্মাণ করতে হবে এবং সাতক্ষীরা রেঞ্জের নিকটবর্তি এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা করতে হবে। সুন্দরবনের সম্পদ ভিত্তিক শিল্প গড়ে তুলে সুন্দরবনের উপর জেলে বাওয়ালি মাওয়ালিদের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে।

৭. অবিলম্বে সাতক্ষীরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গভাবে চালু, ও ক্যান্সার রিসার্চ সেন্টার স্থাপন করতে হবে। জনবলসহ অন্যান্য সমস্যা সমাধান করতে হবে। সাতক্ষীরা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

৮. সাতক্ষীরায় বেকার সমস্যা সমাধানে শ্রমঘন বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা ও শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। সুন্দরবন টেক্সটাইল মিলকে আধুনিকায়ন করে চালু করতে হবে। আইটি পার্ক গড়ে তুলতে হবে।

৯. জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার আওতায় সাতক্ষীরার সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতঃ জেলার সকল স্থানে লবনাক্ত, আর্সেনিক ও আয়রণমুক্ত নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।

১০. শহরে বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন, বিআরটিসির বাস সংখ্যা বাড়ানো, সাতক্ষীরা থেকে সরাসরি শ্যামনগর পর্যন্ত যাত্রীবাহী বাস চলাচলের প্রতিবন্ধকতা নিরসনসহ শহরে সিটি সার্ভিস চালু করতে হবে।

১১. সাতক্ষীরা বাইপাস সড়কের মেডিকেল কলেজের অংশটি লিংক রোড় হিসেবে চালু রেখে মূল সড়কটি বাইপাস হয়ে আলিপুর চেকপোস্টে ভোমরা সড়কের সাথে সংযুক্ত করতে হবে। খ) সাতক্ষীরা শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীতকরে জেলায় চলাচলে অযোগ্য রাস্তাঘাট সংস্কার ও পুন:নির্মাণ করতে হবে। গ) আশাশুনির সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সাতক্ষীরা শহরের পূর্বাংশে প্রস্তাবিত বাইপাস সড়ক দ্রুত নির্মাণ করতে হবে। ঘ) ঢাকার সাথে সাতক্ষীরার দুরত্ব কমিয়ে আনতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-বসুন্দিয়া-চুকনগর-সাতক্ষীরা সড়ক নির্মাণ করতে হবে।

১২. মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করে জেলার বিভিন্ন ফিডার রোডে চলাচলরত হাজার হাজার ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান ও ইঞ্জিন ভ্যানের আধুনিকায়ন করতে হবে। স্থানীয়ভাবে এগুলোর চলাচলের লাইসেন্স দিতে হবে। চালকদের প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে হয়রানী করা বন্ধ করতে হবে।

১৩. জেলার সাথে সকল উপজেলার সরাসরি যাতায়াতের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পরিবহন ব্যবস্থা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। পুরাতন, ফিটনেস বিহীন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে।

১৪. আম-কুল-লিচু-পেয়ারাসহ বিভিন্ন মৌসুমী ফলের ক্রয় বিক্রয় এর জন্য সুনির্দিষ্ট কৃষি বাজার নির্মাণ করতে হবে। বিভিন্ন ফল, শাক-সবজী ও দুধ সংরক্ষণের জন্য চাহিদা অনুযায়ী উপজেলায় আধুনিক হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণ ও কৃষিভিত্তিক ইকোভিলেজ মার্কেট স্থাপন করতে হবে। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিরাপদ ও স্বল্প খরচের পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।

১৫. শিশুর বিকাশের জন্য জেলা সদর ও প্রত্যেক উপজেলা সদরে শিশুপার্ক নির্মাণ করতে হবে। সকল সরকারী অফিস ও পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডার কর্নার স্থাপন করতে হবে। যানবাহনে নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৬. সাতক্ষীরা’র সকল পূরাকীর্তি সংরক্ষণসহ মহান মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান, বধ্যভূমি, গণকবর সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

১৭. ক) সাতক্ষীরা জেলার উন্নয়ন মাষ্টার প্লান এবং সাতক্ষীরা পৌরসভার নতুন মাস্টার প্লান করতে হবে।

খ) নতুন ভবন নির্মাণের সময় চলাচলের পর্যাপ্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে।

গ) শহরের সকল রাস্তা প্রসস্ত করতে হবে। ফুটপাথ রাখতে হবে। গুরুত্বপূর্ণস্থানে ওভারপাস নির্মাণ করতে হবে।

ঘ) প্রাণ সায়ের খালের দু’পাশে যোগাযোগ সহজ করতে ইটাগাছা কর্মকারপাড়া ও সাবেক পৌর মেয়র এমএ জলিলের বাড়ির সামনে, পাসপোট অফিসের সামনে আরো একাধিক ব্রীজ নির্মাণ, এসব ব্রীজ সংলগ্ন গলিপথগুলো সম্প্রসারণের উদ্যোগ এবং প্রধান সড়কগুলো ডিভাইডার দিয়ে দুই ও চার লেন করতে হবে।

ঙ) ইটাগাছা হাট, পুরাতন সাতক্ষীরা হাট, কদমতলা হাট ও সাতক্ষীরা বড়বাজার প্রসস্ত ও নতুন বহুতল ভবন নির্মাণ করে আধুনিক হাট-বাজারে রূপান্তরিত করতে হবে।

চ) শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখলমুক্ত ও ব্যবহারের উপযোগী করতে হবে।

ছ) জনসাধারণের ব্যবহারের জন্য সাতক্ষীরা অডিটরিয়ামের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নির্মাণ ও খেলার মাঠ করতে হবে।

জ) শহরে পর্যাপ্ত ডাস্টবিন ও গণ-শৌচাগার নির্মাণ করতে হবে।

ঝ) শহরে শিশু পার্ক ও একাধিক হকার্স মার্কেট গড়ে তুলতে হবে।

১৮. প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন ও জলাবন্ধতা কবলিত সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ হিসেবে ঘোষণা এবং সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠন করতে হবে। সুন্দরবন সংলগ্ন এই এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন করতে হবে। দুর্যোগের কারণে এই এলাকা থেকে ব্যাপকহারে অভিবাসন বন্ধ করতে বিশেষ বরাদ্দ ও অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করতে হবে। জলাবদ্ধ ও ভাঙ্গন কবলিত এলাকার দরিদ্র মানুষের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থা করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী, মজবুত ও টেকসই বেড়িবাঁধ পুন:নির্মাণ করতে হবে। সামগ্রীক উন্নয়ন অংশিদার সুনির্দ্দিষ্ট এসডিজি অর্জনে অগ্রধিকার ভিত্তিতে গৃহীত ডেল্টা ও ব্লু প্লানের আওতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

ক) বেড়িবাঁধের নদীর সাইটে পর্যাপ্ত জায়গা রাখতে হবে এবং সেখানে বৃক্ষরোপণ করতে হবে।

খ) লোকালয় সাইডে বেড়িবাঁধ ও কাঁচা-পাকা যে কোন সড়ককে চিংড়ি ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং বেড়িবাঁধ ও ঘেরের বাঁেধর মধ্যবর্তি স্থানে বৃক্ষরোপন করতে হবে।

গ) যেসব স্থানে বারবার বাঁধ ভাঙছে সেইসব স্থান চিহ্নিত করে সেখানে ভাঙ্গন প্রতিরোধক স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

ঘ) বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জমি না থাকলে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করতে হবে।

ঙ) বাঁধের নিচে ১০০ ফুট এবং সেই অনুপাতে উচ্চতা ও উপরে চওড়া করতে হবে।

চ) বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য জরুরী তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।

জ) জলবায়ু পরিবর্তনকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত না করে এই এলাকায় প্রতিনিয়ত নদী ভাঙ্গন ও জলাবন্ধতার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে এবং মনুষ্য সৃষ্ট কারণগুলো চিহ্নিত করে তা নিরসনের ব্যবস্থা করতে হবে।

ঝ) উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। অন্যান্য প্রাণিকূলের জন্য মিষ্টি পানির আধার গড়ে তুলতে হবে ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণে সরকারী নীতিমালা অনুযায়ী কর্যকর ব্যবস্থা নিতে হবে।

ঞ) দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে জেন্ডার ফ্রেন্ডলি সকল সুবিধা সহ পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রসহ মাটির কেল্লা তৈরী করতে হবে।

১৯. ক) জেলার সকল নদী-খালের জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ যতদুর সম্ভব পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সকল বাধা অপসারণ করতে হবে।

খ) সিএস ম্যাপ অনুযায়ী নদী-খালের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে এবং উদ্ধারকৃত জমি ইজারা দেওয়া যাবে না। নতুন করে আর কোন অপ্রয়োজনীয় স্লুইস গেট ও ক্লোজার নির্মাণ করা যাবে না।

গ) গ্রাম-শহরের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন স্থানে চিংড়ি চাষ বন্ধ করতে হবে।

ঘ) ইছামতি নদীর সাথে মরিচ্চাপ-খোলপেটুয়া নদীর সংযোগ স্থাপনকারী কুলিয়ার লাবণ্যবতি ও পারুলিয়ার সাপমারা খালের দু’পাশের স্লুইস গেট অপসারণ করে জোয়ার-ভাটা চালু করতে হবে।

ঙ) ইছামতি থেকে মাদার নদীর (আদি যমুনা) প্রবাহ স্বাভাবিক করতে হবে।

চ) নিচু বিলগুলো উচু করতে টিআরএম করতে হবে।

ছ) সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণসায়র খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে ও বেতনা ও মরিচ্চাপের সাথে সংযুক্ত করতে হবে।

জ) নদী খালের নেট-পাটা অপসারণ করতে হবে।

২০. চিংড়ি চাষের কারণে প্রান্তিক কৃষকের জমি হারানো রোধ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দিতে হবে।

২১. জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ক) কালিগঞ্জে বিদ্যুৎ সাব স্টেশন ও বিদ্যুৎ উদপাদন কেন্দ্র নির্মাণ করতে হবে। খ) শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর এবং কয়রা উপজেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে একাধিক ব্রিজ নির্মাণ করতে হবে। গ) তালা-কুমিরা ও দেবহাটা-সখিপুর সড়কের বাক কমিয়ে সহজ সরল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ঘ) খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে হবে ঙ) মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন প্রতিষ্ঠা কতে হবে চ) সীমান্ত সড়ক নির্মাণ করতে হবে ছ) জেলার সকল সরকারী দপ্তরে দুর্নীতি অনিয়ম বন্ধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্য বন্ধ করতে হবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি কতৃক প্রকাশিত ও প্রচারিত। (সংশোধিত) এপ্রিল ২০২৬