গোয়ালডাঙ্গা বাজারে মরিচ্চাপের তীব্র ভাঙন, আতঙ্কে বাসিন্দারা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারসংলগ্ন মরিচ্চাপ নদীর তীব্র ভাঙনে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় শত বছরের পুরোনো বাজার, জামে মসজিদ, নানা প্রতিষ্ঠান ও শত শত পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের শুরুতে মরিচ্চাপ নদী খননকালে নদীর মুখ প্রায় ২০০ ফুট প্রসারিত করা হয়। বাজারে সংকুচিত না করে খননের দাবি জানালেও তা উপেক্ষিত হয় বলে অভিযোগ। খনন শেষে নদীপ্রবাহ বাড়ার পর থেকেই বাজার এলাকায় ভাঙন শুরু হয়।
পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সাময়িকভাবে বালুর বস্তা ফেলা হলেও তা নদীতে দেবে গিয়ে আবার ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রার্থী এসএম শরিফুল ইসলাম জানান, নদী এখন লোকালয়ের কাছে চলে এসেছে। ইতিমধ্যে কয়েকজনের বসতঘর ভাঙনের মুখে পড়েছে এবং গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।
ব্যবসায়ী ও বাসিন্দারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মুকুল শিকারী বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে বড় আর্থিক ও সামাজিক ক্ষতি হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ও স্থানীয় সংসদ সদস্য ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।












