সাতক্ষীরায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সামছুর রহমান (৫৩), বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন (৪৭) এবং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম (৪৫)।
সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা জানান, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের পৃথক অভিযানে আটক করার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



