শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দেবহাটায় আট অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা ও নতুন ঘর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
দেবহাটায় আট অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা ও নতুন ঘর উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় আটজন অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় নির্মিত শহীদ হোসেন আলীর নতুন বাড়ি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ ও নতুন বাড়ি উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, জিয়াউর রহমান জিয়া, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বাশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদারসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা জানান, অসহায় মানুষের আর্থিক সংকট মোকাবিলা এবং গৃহহীন পরিবারের আবাসনের ব্যবস্থা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads small one

সাতক্ষীরায় সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রাম থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে ছাত্রীর মা সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী ওই ছাত্রী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুই দিন আগে বিকেলে নিজ বাড়ির সামনে থেকে জাহিদ হাসানসহ কয়েকজন তাকে অপহরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের জাহিদ হাসান, তার বাবা কলিম সরদার ছোট, কলিম সরদারের স্ত্রী রেহেনা খাতুন এবং সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আমিনুর সরদার ও মনা খাতুন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাত্রীর মায়ের অভিযোগ, জাহিদ হাসান বিভিন্ন সময় তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন এবং ভয়ভীতি ও হুমকি দিতেন। মেয়েকে উদ্ধারের জন্য অভিযুক্তদের কাছে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ছাত্রীর মা থানায় অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।”

পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনিসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন ব্যবসায়ী অংশ নেন।

মরিয়ম ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু ও আলহাজ হাবিবুর রহমান।

শাহ সিমেন্টের কর্মকর্তা এসএম বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনমুন রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্টের কর্মকর্তা নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ।

ব্যবসায়িক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মেলনে ১৩ জন সেরা ব্যবসায়ীকে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শাহ সিমেন্টের সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বক্তারা বলেন, গুণগত মান বজায় রাখা ও গ্রাহকদের আস্থা অর্জন শাহ সিমেন্টের দীর্ঘদিনের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও উন্নত উৎপাদনব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৃহৎ অবকাঠামো থেকে ব্যক্তিগত আবাসন নির্মাণ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সিমেন্ট সরবরাহ করছে।

বিশ্ব পোলিও দিবসে সাতক্ষীরায় রোটারি ক্লাবের র‍্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
বিশ্ব পোলিও দিবসে সাতক্ষীরায় রোটারি ক্লাবের র‍্যালি

সংবাদদাতা: বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ‘পোলিও নির্মূলের অঙ্গীকার, বিশ্ব হোক রোগমুক্ত’ প্রতিপাদ্য নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রোটারি ক্লাবের সদস্যরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে পোলিও নির্মূলে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আখতারুজ্জামান কাজল ও সেক্রেটারি এসকে নাজমুল হাসান। এ ছাড়া রোটা. পিপি ডাক্তার সুশান্ত ঘোষ, মাহমুদুল হাসান, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, মিজানুর রহমান, নূর ইসলাম, আশরাফুল করিম ধনি, মাগফুর রহমান, ওয়ালিউল্লাহ ও আব্দুল কাদেরসহ ক্লাবের সদস্যরা অংশ নেন। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন রোটা. পিপি হাবিবুর রহমান হাবিব।

কর্মসূচিতে রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রোটার‍্যাক্টর পিপি শেখ কাইয়ুম রহমান, রোটার‍্যাক্টর পিপি আতিক মুজাহিদ ও রোটার‍্যাক্টর মেহেদী হাসান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশে পোলিও নির্মূল হলেও এর পুনরুত্থান ঠেকাতে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা অব্যাহত রাখা জরুরি। পোলিওমুক্ত বিশ্ব গড়তে তাঁরা সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।