সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাহিত্যিকসহ ১০ গুণীজন সংবর্ধিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাহিত্যিকসহ ১০ গুণীজন সংবর্ধিত

শ্যামনগর প্রতিনিধি: শিক্ষা, মুক্তিযুদ্ধ, সাহিত্য, কৃষি, সংগীত, সমাজসেবা, ক্রীড়া ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার শ্যামনগরে ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ‘নক্ষত্রের অভিবাদন’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতদের মধ্যে রয়েছেন ৩৬ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার আলো ছড়ানো স্বপন কুমার মুখার্জী, ৯২ বছর বয়সী শিক্ষক ও সাহিত্যিক মাস্টার কেরামত উল্লাহ এবং মুক্তিযুদ্ধে শ্যামনগরকে হানাদারমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এস এম মিজানুর রহমান।

অভাব-অনটনের মধ্যেও দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি আর্থিক সহায়তা ও বিনা পারিশ্রমিকে বাড়িতে পড়ানোর মাধ্যমে তাঁদের সাফল্যে অবদান রাখেন স্বপন কুমার মুখার্জী। অন্যদিকে, ১৯৫৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করা কেরামত উল্লাহ ‘লাল সংকেত’ ও ‘স্রোতস্বিনী’সহ অসংখ্য গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর লেখা ‘শ্যামনগরের ইতিহাস’ স্থানীয় ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান ১৯৭১ সালের ১৯ নভেম্বর গোপালপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। ওই যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়েও তিনি লড়াই চালিয়ে যান। তাঁর ইউনিটের দুই সহযোদ্ধা সেদিন শহীদ হন। তাঁদের সাহসিকতায় পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

অনুষ্ঠানে কৃষিতে মনোতোষ মণ্ডল, সংগীতে প্রয়াত অনিমেষ ব্যানার্জী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা, ক্রীড়ায় ফিরোজ হোসেন, সাংবাদিকতায় প্রয়াত আনোয়ার হোসেন মল্লিক এবং জনসেবায় প্রয়াত চেয়ারম্যান বিশ্বনাথ দাসকে সংবর্ধনা দেওয়া হয়। প্রয়াত ব্যক্তিদের পক্ষে তাঁদের পরিবারের সদস্যরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক। সংবর্ধিত গুণীজনদের হাতে স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ ছাড়া প্রতিকূলতা মোকাবিলা করে সাফল্য অর্জন এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করায় কোরআনের হাফেজ রিয়াসাত, স্বেচ্ছাসেবী হাফিজ, শিক্ষার্থী শারমিন ও ক্রীড়াবিদ রেহানাসহ ১২ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রয়াত আইনজীবী নুরুল হক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আবুল হোসেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম এবং সুন্দরবনের বাঘ শিকারি পচাব্দী গাজীকে বিশেষভাবে স্মরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা জামায়াতের নায়েবে আমির প্রভাষক ফজলুল হক, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, এনজিএফের পরিচালক লুৎফর রহমান ও প্রভাষক সিদ্দিকুল ইসলাম বকুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত ‘আত্মপ্রকাশ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।