ইউনেস্কোর প্রতিষ্ঠা: শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির শক্তিতে বিশ্বশান্তির প্রত্যয়
সাকিবুর রহমান বাবলা
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, জ্ঞানচর্চার বিকাশ, বৈজ্ঞানিক অগ্রগতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা—ইউনেস্কো। সংস্থাটির প্রতিষ্ঠার ইতিহাসে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সময়গত পার্থক্য। ১৯৪৫ সালের ১৬ নভেম্বর লন্ডনে ৪১টি রাষ্ট্রের স্বাক্ষরের মধ্য দিয়ে ইউনেস্কোর সংবিধান গৃহীত হয়। পরবর্তী সময়ে ২০টি স্বাক্ষরকারী রাষ্ট্রের অনুমোদন পূর্ণ হলে ১৯৪৬ সালের ৪ নভেম্বর সংবিধানটি কার্যকর হয়। অর্থাৎ ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠার ভিত্তি রচিত হলেও ১৯৪৬ সালের ৪ নভেম্বর এর সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তাই দিনটি ইউনেস্কোর সাংগঠনিক যাত্রার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বনেতারা উপলব্ধি করেন, কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের চিন্তা, মনন, শিক্ষা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই শান্তির ভিত্তি গড়ে তুলতে হবে। এই উপলব্ধি থেকেই ইউনেস্কোর জন্ম। সংস্থাটির মূল দর্শন—‘যেহেতু মানুষের মনেই যুদ্ধের উৎপত্তি, তাই মানুষের মনেই শান্তির প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলতে হবে।’ ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। বর্তমানে ১৯৪টি সদস্য রাষ্ট্র ও ১২টি সহযোগী সদস্য নিয়ে ইউনেস্কো পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন মাঠপর্যায়ের কার্যালয়ের মাধ্যমে সংস্থাটি কার্যক্রম বাস্তবায়ন করে।
ইউনেস্কোর সাংগঠনিক কাঠামো তিনটি প্রধান অঙ্গের সমন্বয়ে গঠিত। সাধারণ সম্মেলন সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ। এতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা প্রতি দুই বছর অন্তর মিলিত হয়ে কর্মসূচি ও বাজেট অনুমোদন করেন। ৫৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত নির্বাহী পরিষদ সংস্থার সিদ্ধান্ত বাস্তবায়ন তদারকি করে। অন্যদিকে মহাপরিচালকের নেতৃত্বে সচিবালয় প্রশাসনিক ও কর্মসূচিভিত্তিক দায়িত্ব পালন করে। সদস্য রাষ্ট্রের বাধ্যতামূলক চাঁদা, বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের স্বেচ্ছামূলক অনুদান এবং নিজস্ব রাজস্ব থেকে সংস্থাটির অর্থায়ন হয়। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের জন্য রয়েছে পৃথক বিশ্ব ঐতিহ্য তহবিল।
শিক্ষা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক ও মানববিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ ও তথ্য—এই পাঁচটি প্রধান ক্ষেত্রে ইউনেস্কোর কার্যক্রম বিস্তৃত। নিরক্ষরতা দূরীকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নারী ও শিশুর শিক্ষার সুযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ সংস্থাটির গুরুত্বপূর্ণ কাজ। বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণেও ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। ১৯৭৩ সালে গঠিত হয় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন। ঢাকায় সংস্থাটির নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হলো—১৯৮৫ সালে স্বীকৃত নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী এবং ১৯৯৭ সালে স্বীকৃত ম্যানগ্রোভ সুন্দরবন।
এ ছাড়া বাউল গান, জামদানি বয়ন, বৈশাখী শোভাযাত্রা, শীতলপাটি বয়ন, ঢাকার রিকশা ও রিকশাচিত্র এবং টাঙ্গাইল শাড়ি বয়নশিল্পসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ২০১৭ সালে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ আন্তর্জাতিক নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশে ইউনেস্কোর কার্যক্রম শিক্ষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগে সাংস্কৃতিক সম্পদ রক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের ঐতিহ্য নথিবদ্ধকরণ এবং বাগেরহাট ও পাহাড়পুরকেন্দ্রিক ঐতিহ্যবিষয়ক জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও বিস্তৃত। হেরিটেজ ইমার্জেন্সি ফান্ডের সহায়তায় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং এ কাজে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সংস্থাটিতে বাংলাদেশের দীর্ঘ সদস্যপদ ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
প্রতিষ্ঠালগ্ন থেকে ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলিয়ান হাক্সলি, জাইমে টোরেস বোদেত, জন ডব্লিউ টেলর (ভারপ্রাপ্ত), লুথার ইভান্স, ভিত্তোরিনো ভেরোনিজ, রেনে মাহেউ, আমাদু-মাহতার এম’বো, ফেদেরিকো মেয়র জারাগোজা, কোইচিরো মাৎসুরা, ইরিনা বোকোভা ও অড্রে আজুলে। ২০২৫ সালের ১৫ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন বর্তমান মহাপরিচালক মিসরের খালেদ আল-ইনানি। তিনি ইউনেস্কোর ১২তম মহাপরিচালক এবং সংস্থাটির ইতিহাসে প্রথম আরব মহাপরিচালক।
ইউনেস্কোর প্রতিষ্ঠার ইতিহাস কেবল একটি আন্তর্জাতিক সংস্থার জন্মের ঘটনা নয়; এটি জ্ঞান, মানবিকতা, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পৃথিবীকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। শিক্ষা মানুষের চিন্তাকে প্রসারিত করে, বিজ্ঞান নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় এবং সংস্কৃতি জাতির পরিচয় ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। এই তিন শক্তির সম্মিলিত প্রয়াসেই শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রত্যয় বহন করে ইউনেস্কো।












