বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা, জুয়া ও অন্যান্য মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল টাকার বিনিময়ে তাস খেলার সময় ছয়জনকে আটক করে। এ সময় জুয়ার টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মৃত আবতাপ গাজীর ছেলে রশিদ গাজী (৫৫), আবুল কাসেমের ছেলে আমিরুল (৩৮), মৃত সামাদের ছেলে সফিকুল (৬০), জব্বার গাজীর ছেলে আব্দুর রহমান, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা (৬২) এবং জামান মোল্লার ছেলে সাইফুল (৩৫)। এ ঘটনায় পাইকগাছা থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ৪/২৬।

এদিকে, মঙ্গলবার রাতে নগরশ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদ হাজরার ছেলে হরিঢালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুজাহিদুল হাজরা (৪৮) এবং বুধবার সকাল ১১টার দিকে গদাইপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফারজাহান পারভেজ ওরফে রুমি (২৫) কে নাশকতার মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ছয়জনকে আটক করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ads small one

সাতক্ষীরায় মুজাহিদ কমিটির মাসিক ইজতেমা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় মুজাহিদ কমিটির মাসিক ইজতেমা অনুষ্ঠিত

বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মাসিক ইজতেমা ও সবগুজারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ মাগরিব সাতক্ষীরা উপজেলা মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির খুলনা বিভাগীয় ইমাম কাম অডিটর হযরত মাওলানা ইউসুফ। উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার ছদর হাফেজ মাওলানা মুফতী রবিউল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা, তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে মাটির লবণাক্ততা। এ পরিস্থিতি মোকাবিলা করে কৃষিকে টেকসই ও লাভজনক করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন ও উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। প্রশিক্ষক ছিলেন দক্ষিণ শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক গোবিন্দ মণ্ডল। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট-তেরকাটি গ্রামের প্রবীণ কৃষক সাধন কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ এবং অপরিকল্পিত চিংড়ি ও কাঁকড়া চাষের কারণে কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। এ সংকট মোকাবিলায় লবণসহিষ্ণু ফসলের জাত সম্প্রসারণ, উন্নত সেচ ব্যবস্থাপনা এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কৃষকদের লবণসহিষ্ণু ধানের জাত, আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, বেড পদ্ধতি, প্রাকৃতিক মালচিং, জলপট্টি, স্যালাইন ও টাওয়ার পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জাতের বীজ সংরক্ষণে কমিউনিটিভিত্তিক বীজ ব্যাংক গড়ে তোলা এবং কৃষকদের মধ্যে বীজ বিনিময় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পরিকল্পনা সভার মুক্ত আলোচনায় কৃষকেরা তাঁদের মাঠপর্যায়ের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদের সচেতনতা, স্থানীয় জ্ঞান ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রিন কোয়ালিশনের সদস্য হীরা পারভীন, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী ও বারসিকের মনিকা পাইকসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।

কর্মশালার শেষ পর্যায়ে উপকূলীয় অঞ্চলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালিগঞ্জে ৭ নভেম্বর পালনে কৃষকদলের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
কালিগঞ্জে ৭ নভেম্বর পালনে কৃষকদলের প্রস্তুতি সভা

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আসর কালিগঞ্জ উপজেলা কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব আরিফুর রহমান ছোটন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জ পুরাতন ইসলামী ব্যাংক মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।