সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পৌনে ৯ লাখ টাকার পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৭ ও ৮ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির অভিযানে চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ, কাকডাঙ্গা বিওপির অভিযানে কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মাদরা বিওপির অভিযানে চান্দা এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির অভিযানে একই এলাকার কাছাকাছি স্থান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ অভিযানে হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার সময় সেগুলো জব্দ করা হয়েছে। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।












