বিশ্ব ডায়াবেটিস দিবসে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
সংবাদদাতা: বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় মুনজিতপুরের ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এবং নভো ঢাকার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ দিন আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক, ডা. কিরণ কান্তি রায়, অধ্যাপক ননী গোপাল, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুরশিদ আলম ও মাওলানা ইয়াকুব আলী।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি। নিয়মিত পরীক্ষা, সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। বিনামূল্যে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম রোগের প্রাথমিক শনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









