কলারোয়ায় ৪ হাজার ৯০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৯০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষার বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষা, মুগ ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।









