জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
প্রকাশ ঘোষ বিধান
জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দুধর্মের শক্তির দেবী। তিনি দেবী দুর্গারই অপর রূপ। জগৎজননী দেবী জগদ্ধাত্রীকে দুর্গার সত্ত্বগুণসম্পন্ন ও মঙ্গলময়ী রূপ হিসেবে বিবেচনা করা হয়। ‘জগদ্ধাত্রী’ শব্দের আক্ষরিক অর্থÑযিনি সমগ্র জগৎকে ধারণ ও পালন করেন। সংস্কৃত ‘জগৎ’ শব্দের অর্থ ত্রিভুবন এবং ‘ধাত্রী’ শব্দের অর্থ ধারণকর্ত্রী বা পালনকর্ত্রী।
দুর্গাপূজার প্রায় এক মাস পর হেমন্তকালে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি ‘দুর্গা নবমী’ নামেও পরিচিত। এদিন ‘জগদ্ধাত্রী দুর্গায় নমঃ’ মন্ত্রে দেবীর পূজা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, পূজার দিনেই তিনটি ভিন্ন ভাব বা গুণে দেবীর আরাধনা করা হয়। সকালে সাত্ত্বিক, মধ্যাহ্নে রাজসিক এবং সন্ধ্যায় তামসিক রূপে দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল কমলা বা রক্তাভ। তিনি রক্তবস্ত্র পরিহিতা। তাঁর গলায় শোভা পায় নাগযজ্ঞোপবীত। দেবী দুর্গার মতো তিনিও ত্রিনয়না। তাঁর তিনটি চোখ চন্দ্র, সূর্য ও অগ্নির প্রতীক। চারটি হাতের বাম দুই হাতে থাকে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং ডান দুই হাতে চক্র ও পঞ্চবাণ। দেবীর বাহন সিংহ একটি বিশালাকার হাতির ওপর দাঁড়িয়ে থাকে। পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী করীন্দ্রাসুর নামের হস্তীরূপী অসুরকে বধ করেছিলেন। এ কারণে তাঁকে ‘করীন্দ্রাসুরমর্দিনী’ বলা হয়। এখানে হাতি মানুষের অহংকার ও মত্ততার প্রতীক, যা দেবী দমন করেন।
দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব নিয়ে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে। কাত্যায়নী তন্ত্র ও উপনিষদের আখ্যান অনুসারে, অসুর বধের পর দেবতারা নিজেদের শক্তি নিয়ে অহংকারে মত্ত হয়ে ওঠেন। দেবতাদের সেই দর্প চূর্ণ করতে দেবী প্রথমে যক্ষের বেশে তাঁদের সামনে আবির্ভূত হন। দেবতাদের শক্তি পরীক্ষা করতে তিনি তাঁদের সামনে একটি সামান্য তৃণখ- রাখেন। কিন্তু দেবতারা কেউই তা সরাতে পারেননি। ইন্দ্র বজ্র দিয়ে তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হন, অগ্নিদেব পারেননি তা দগ্ধ করতে, বায়ুদেব পারেননি উড়িয়ে দিতে। এমনকি বরুণদেবও জলপ্রবাহ দিয়ে তৃণটি সরাতে ব্যর্থ হন। তখন দেবতারা উপলব্ধি করেন, তাঁদের নিজস্ব শক্তির উৎসও পরমেশ্বরী। এরপর তাঁদের সামনে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হন দেবী। এই আখ্যানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়Ñতিনিই সমগ্র জগতের ধারণ ও পালনকারী শক্তি।
জগদ্ধাত্রীর আবির্ভাব সম্পর্কে শ্রীশ্রীচ-ীতেও আরেকটি কাহিনি পাওয়া যায়। এ কাহিনি অনুসারে, মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় অসুরটি হাতির রূপ ধারণ করেছিল। সংস্কৃতে হাতির আরেক নাম ‘করী’। হস্তীরূপী অসুরকে বধ করতে দেবী চতুর্ভুজা রূপে আবির্ভূত হন এবং চক্র দিয়ে তার শুঁড় ছেদন করেন। দেবীর এই রূপই জগদ্ধাত্রী নামে পরিচিত। এ কারণে তাঁর বাহন সিংহকে মৃত হাতির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেবীর আরেক নাম ‘করীন্দ্রাসুরনিসূদিনী’।
বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন নিয়ে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ের একটি ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে। কিংবদন্তি অনুসারে, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। নবাব আলিবর্দি খাঁর শাসনামলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লাখ টাকা নজরানা দাবি করা হয়। তা দিতে না পারায় তাঁকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। জনশ্রুতি রয়েছে, সে সময় দুর্গাপূজার আয়োজন চলছিল। কারাগারে থাকায় রাজা দুর্গাপূজায় অংশ নিতে পারেননি। মুক্তি পেয়ে নৌকায় কৃষ্ণনগরে ফেরার পথে তিনি জানতে পারেন, সেদিন বিজয়া দশমী। দুর্গাপূজায় উপস্থিত থাকতে না পারায় তিনি বিষণœ হয়ে পড়েন।
কথিত আছে, এ সময় দেবী তাঁকে স্বপ্নে কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দেন। ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবীর যে মূর্তি দর্শন করেন, সেই আদলেই তিনি প্রতিমা প্রতিষ্ঠা করে পূজার আয়োজন করেন। অনেকে মনে করেন, তাঁর উদ্যোগেই বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রসার ঘটে। পরে তাঁর অনুপ্রেরণায় ইন্দ্রনারায়ণ চৌধুরী হুগলির চন্দননগরে এ পূজার প্রচলন করেন। লেখক: সাংবাদিক ও কলামিস্ট









