শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহত তবিবুর রহমান তবি (৫০) বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে তবিবুর রহমান তাঁর সহযোগী লুকমান হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে তবিবুর রহমান ও লুকমান হোসেন আহত হন। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

মামলায় নাম উল্লেখ করা আট আসামি হলেন—আশা, বাবু, চয়ন, ইব্রাহিম, ইসরাফিল, জামশের আলী, বকুল ও আবদুল আহাদ। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের মধ্যে আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং ইসরাফিল সরদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ছোট আঁচড়া গ্রামের কয়েকশ নারী-পুরুষ। তাঁরা বাদী তবিবুর রহমানের বাড়ির সামনে প্রতিবাদ মিছিল করেন। স্থানীয় বিক্ষোভকারীরা মামলার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Ads small one

অ্যান্টার্কটিকায় ১৫ লাখ বছরের পুরোনো বরফ খুঁজছেন গবেষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
অ্যান্টার্কটিকায় ১৫ লাখ বছরের পুরোনো বরফ খুঁজছেন গবেষকেরা

পৃথিবীর প্রাচীন জলবায়ুর ইতিহাস উন্মোচন এবং লাখ লাখ বছর আগে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কেমন ছিল তা জানতে অ্যান্টার্কটিকায় প্রায় ১৫ লাখ বছরের পুরোনো বরফের সন্ধান শুরু করতে যাচ্ছেন রাশিয়ার আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক রিসার্চ ইনস্টিটিউটের (এএআরআই) গবেষকরা।

রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই গবেষণালব্ধ তথ্য বর্তমান জলবায়ু মডেলগুলোর নির্ভুলতা যাচাই করতে বিজ্ঞানীদের সহায়তা করবে।

বরফের স্তূপে পৃথিবীর জলবায়ু ইতিহাসের মূল্যবান সংকেত লুকিয়ে থাকে, যার মধ্যে অতীতের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বরফ গঠিত হওয়ার সময়কালের বায়ুমণ্ডলের নমুনা বরফের ভেতরে সংরক্ষিত থাকে। ফলে গবেষকরা প্রাচীন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব পরীক্ষা করে অতীতের পরিবেশগত অবস্থা পুনর্গঠন করতে পারেন, যা দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের ধরন বুঝতে সহায়ক।

এএআরআই-এর পরিচালক আলেকজান্ডার মাকারভ জানান, প্রায় ৫ কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বর্তমানের তুলনায় অনেক বেশি ছিল। সে সময় অ্যান্টার্কটিকায় কোনও বরফের আস্তরণ ছিল না এবং বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের চেয়ে প্রায় ৬৫ মিটার বেশি ছিল।

নতুন এই গবেষণায় পৃথিবীর জলবায়ু ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ সময়কালকে গুরুত্ব দেওয়া হবে, যখন হিমবাহ চক্রের ধরনে বড় ধরনের পরিবর্তন ঘটেছিল। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রাচীন বরফের নমুনা বিশ্লেষণ করলে এই পরিবর্তনের কারণ এবং পৃথিবীর জলবায়ুতে এর প্রভাব ব্যাখ্যা করা সম্ভব হবে।

আলেকজান্ডার মাকারভ বলেন, আমাদের লক্ষ্য হলো অ্যান্টার্কটিকায় ১৫ লাখ বছর পর্যন্ত পুরোনো বরফ খুঁজে বের করা। পৃথিবীর জলবায়ু ইতিহাসের এই সন্ধিক্ষণেই হিমবাহ চক্রের পর্যায়ক্রমিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন নথিভুক্ত রয়েছে। জলবায়ু মডেলগুলো পরীক্ষা করার জন্য এই রূপান্তরের পেছনের কারণগুলো বোঝা অত্যন্ত জরুরি। প্রাণের বসবাসের উপযোগী জলবায়ুর সীমারেখা কোথায়, তা আমাদের বুঝতে হবে।

রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কোজলভ বলেছেন, অ্যান্টার্কটিকার প্রাচীন বরফ থেকে প্রাপ্ত তথ্য লাখ লাখ বছর ধরে পৃথিবীর জলবায়ু কীভাবে বিকশিত হয়েছে, সে সম্পর্কে বৈশ্বিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের ধারণাকে আরও প্রসারিত করবে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক সীমা চিহ্নিত করতেও এই গবেষণা সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৫ লাখ বছর পুরোনো বরফের এই অনুসন্ধান একটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক কর্মসূচির অংশ। এর আগে রুশ গবেষকরা প্রায় ১২ লাখ বছরের পুরোনো বরফের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। আসন্ন এই অভিযানের মাধ্যমে পৃথিবীর জলবায়ু ইতিহাসের আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করা হবে।

সূত্র: এনডিটিভি

সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বহুল প্রতীক্ষিত আগমন ও মাহফিল সুশৃঙ্খল, নিরাপদ এবং সর্বাঙ্গীণভাবে সফল করার লক্ষ্যে করণীয় নির্ধারণে জেলার শীর্ষ আলেম-ওলামারা এ সভায় একত্রিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামায়ে কেরাম মাহফিলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমনকে ঘিরে ইতোমধ্যে জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর বারী। সভা পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি এসএম রুহুল্লাহ বিলালী। পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা খায়রুল বাশার, মুফতী নুরুল্লাহ, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে, সে প্রশ্নও সামনে এসেছে। ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর সঙ্গে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস দেওয়া হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন মূল কারিগর।

ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষাকে আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণের করছে। তবে সামনের দিকে এর নেতৃত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। এ সময় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।