শ্যামনগরে মানববন্ধন করায় ‘লাশ পড়বে’ বলে হুমকি
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এসিড নিক্ষেপের মামলার প্রতিবাদে মানববন্ধন করায় ‘লাশ পড়বে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নওয়াবেঁকী গ্রামের একটি বাড়ির প্রধান ফটকে হাতে লেখা হুমকির চিঠি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় আতঙ্কিত পরিবারটি পুলিশকে অবহিত করেছে।
মানববন্ধনের আয়োজক রেবেকা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওয়াবেঁকী বাজারে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মো. আশরাফ ও বিলাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেন তাঁরা। রাত ৯টার দিকে তাঁদের বাড়ির প্রধান ফটকে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘এক এক করে প্রত্যেক জনকে দেখে নেব, মানববন্ধন করায় এবার লাশ পড়বে।’ এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রেবেকার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত ১ নভেম্বর প্রতিপক্ষের লোক বিলাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে মারধরের অভিযোগ তোলেন। পরে ৭ নভেম্বর একইভাবে হাসপাতালে ভর্তি হয়ে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাঁর স্বামী, জামাতাসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ তাঁদের পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে।
রেবেকা আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং আশরাফ ও বিলাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তাঁরা মানববন্ধন করেন। এর জেরেই আশরাফ ও তাঁর লোকজন হুমকির চিঠি দিয়েছেন বলে তাঁদের সন্দেহ।
তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ হোসেন বলেন, চিঠি লিখে হুমকি দেওয়ার সঙ্গে তিনি বা তাঁর লোকজন জড়িত নন। এসিড নিক্ষেপের মামলা থেকে পরিবারের সদস্যদের রক্ষার জন্য রেবেকা মিথ্যা অভিযোগ করছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে চিঠিটি কার উদ্দেশ্যে এবং কে পাঠিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।









