নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু ও ছয়টি ইটের রাস্তা নির্মাণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মণ্ডল।
শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক গ্রামের বাসিন্দা শিবপদ মণ্ডল নিজে উপস্থিত থেকে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়া সংযোগ খালিয়ার খালের ওপর নির্মিত সেতুর ঢালাই কাজ সম্পন্ন করেন। এ সেতু নির্মাণের ফলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল-কলেজে যাতায়াত সহজ হবে। আগে এসব এলাকার মানুষকে নৌকা ও ভাসমান ভেলার মাধ্যমে খাল পার হতে হতো।
সেতুর পাশাপাশি তিনি ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি ইটের রাস্তা নির্মাণ করেছেন। এতে এলাকার শত শত পরিবারের চলাচলের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড়, আশীষ কুমার সরদার, দীপা মণ্ডল ও প্রতিবন্ধী নীল কমল সেতু নির্মাণে যাতায়াত ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হবে বলে জানান। সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা করা উচিত।
মৎস্য ঘের, পোনা ও কাঁকড়া ব্যবসায়ী শিবপদ মণ্ডল পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্মাণকাজে কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর অভিযোগ।












