জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯৪নং জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ মে) এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও নতুন স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোনায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ও সাহিত্যিক শেখ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুজ্জামান প্রিন্স ও সমাজসেবক শেখ আছাফুর রহমান।
সমাবেশে উপস্থিত শতাধিক অভিভাবক ও স্থানীয় সুধীজনের সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট একটি খসড়া পরিচালনা কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে শেখ সিদ্দিকুর রহমান-কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে এই কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা অফিসে পাঠানো হবে।









