এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। একই সঙ্গে ১২১টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। এতে একদিকে যেমন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে নৈশপ্রহরী না থাকায় রাতে অরক্ষিত থাকছে বিদ্যালয়গুলো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ১৫৮ টি বিদ্যালয়ের মধ্যে ৩৬ টিতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৭৬৫ জন। কিন্তু বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ও প্রশাসনিক নেতৃত্বের সংকট শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, বিভিন্ন সভা, উপবৃত্তি ও সরকারি হিসাব-নিকাশসহ নানা কাজে প্রায়ই শিক্ষা অফিসে যেতে হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এসব দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাঁদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ৩৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।
কেশবপুরের একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলেন, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অন্যান্য শিক্ষকরাও চাপে পড়ছেন। দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ ও পদায়ন করা প্রয়োজন।
প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ১৫৮ টি বিদ্যালয়ের মধ্যে ১২১ টিতে কোনো নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই।
দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় রাতে বিদ্যালয়গুলো অরক্ষিত অবস্থায় থাকে। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’ নৈশ প্রহরী নিয়োগ নিয়ে মামলা থাকায় নিয়োগ বন্ধ রয়েছে, যার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধান হলে লেখাপড়ার মান বাড়বে।