আশাশুনিতে ঘের মালিকের সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জমি নিয়ে বিরোধ ও ‘ষড়যন্ত্রের’ শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঘের মালিক ইউসুফ আলী। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের ইউসুফ আলী জানান, ২০২১ সাল থেকে পৈতৃক ও লিজ নেওয়া জমিতে তাঁদের পারিবারিক মৎস্য ঘের রয়েছে। বর্তমানে ১৮৯ বিঘা জমির মধ্যে ১৩৮ বিঘা দখলে থাকলেও অবশিষ্ট জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের পাওনা জমি মেপে আলাদা করে না নেওয়ায় তিনি নিজস্ব ২১ বিঘা জমিতে মাছ চাষ করতে পারছেন না।
ইউসুফ আলীর অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির প্ররোচনায় তাঁর জমি জবরদখলের চেষ্টা ও তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতিপূর্বে একজন তাঁর কাছে টাকা দাবি করেছিলেন, যা না দেওয়ায় বর্তমানে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এতে তাঁর পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে তিনি দাবি করেন।









