আশাশুনিতে জিম্মি করে মৎস্য ঘের দখলের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৎস্য ঘেরে বাঁধ দিয়ে জমি জবরদখল ও মাছ লুটের অভিযোগ উঠেছে। ১৯ আগস্ট সকালে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া মৌজায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, মিত্র তেঁতুলিয়া গ্রামের সোনিয়া খাতুন ও তাঁর পরিবার পারিবারিক ও ক্রয়সূত্রে ওই মৌজায় চার বিঘা জমি ভোগদখল করে আসছিলেন। স্থানীয় আকবর গাজী, আজগর গাজী, মফিজুল গাজী, গহর গাজী, তুহিন গাজীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। ১৯ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের বসতবাড়ি ও মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে। বাধা দিলে তাঁদের মারধর, খুন-জখমের হুমকি এবং একপর্যায়ে জিম্মি করে ঘেরের প্রায় দেড় বিঘা জমিতে আইল বা বাঁধ দিয়ে ফেলে।
অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষরা ভেড়িবাঁধ কেটে আনুমানিক ৫০ হাজার টাকার মাছ তছরুপ করে এবং সোনিয়া খাতুন ও তাঁর স্বামীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করে। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চেয়েছে।






