বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনির বড়দলে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
আশাশুনির বড়দলে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া

oplus_2

আশাশুনি প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) যৌথ আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য দেন সিপিপি প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) সরাফাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপপরিচালক আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ময়নুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদের পরিচালনায় মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ-পরবর্তী জরুরি করণীয় বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়।
এ সময় সিপিপির স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে মহড়ায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

Ads small one

শ্যামনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
শ্যামনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম ও আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান মন্টু, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী এবং প্রেসক্লাব সভাপতি সামিউল মনির।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, ডিজিএফআই, বিজিবি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার আলিপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনালী পেট্রোল পাম্পের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলিপুর বাজারখোলা ও বাদামতলা এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টুসহ নেতারা। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিকরগাছায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
ঝিকরগাছায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশুখাদ্য মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নারিকেল তেল উৎপাদন এবং পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানের সময় মাংসের বাজারদর পর্যবেক্ষণ করা হয়। মনিটরিং টিমের উপস্থিতিতে ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শনের ব্যবস্থা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ঝিকরগাছা থানা-পুলিশ ও যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের মান নিশ্চিত করা ও বাজারের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।