ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ তথা পবিত্র আরাফার দিন পড়বে ২৬ মে। এসএসএএইচ-এর তথ্য অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (কনজাংশন) ঘটবে। ওই দিনটি হবে জিলকদ মাসের ২৯ তারিখ।
এ সময় সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। সংস্থাটির মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময় যথেষ্ট।
এসএসএএইচ-এর পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানিয়েছেন, তাদের এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করা এবং বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে শরিয়াহর সমন্বয় ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্য কেবল জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু ও ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের ওপরই নির্ভরশীল।









