এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন করে শিক্ষার্থীর হাতে এ শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. মেহের উল্লাহ, ইউনিয়ন আমির সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান ওজিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদ, শামীম হোসেন এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।









