কলারোয়ায় দুর্বৃত্তের কোপে নিঃস্ব কৃষক, থানায় অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক কৃষকের ১৬ কাঠা জমির সবজি গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ঝাঁপাঘাট মাঠে এ ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১০ বছর ধরে ওই মাঠে টমেটো, কাকরোল, কুল ও কচুরমুখী চাষ করে আসছেন। বুধবার রাতে দুর্বৃত্তরা তার ১০ কাঠা জমির টমেটো এবং ৬ কাঠা জমির কাকরোল গাছ কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর আগে গত দুই মাস আগেও তার চার কাঠা জমির কাকরোল গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় থানা ও কৃষি অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে তিনি অভিযোগ করেন। এবারও এ ঘটনায় কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












