কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দেবহাটা, গাছ উপড়ে সড়ক অবরুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি
কে এম রেজাউল করিম, দেবহাটা: গত রাতে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এছাড়া অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ির টিনের চাল উড়ে গিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে শুরু হয় তীব্র দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তান্ডবে উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়া, নওয়াপাড়া, দেবহাটা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বহু গাছ ভেঙে সড়কের ওপর পড়ে। এতে রাত থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘœ ঘটে।
ঝড়ের সময় অনেক পরিবার আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বিভিন্ন এলাকায় টিনের ঘরের চাল উড়ে যাওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, টিনশেড ও দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
কৃষি খাতেও ঝড়ের প্রভাব পড়েছে। অনেক স্থানে আম, লিচুসহ মৌসুমি ফলের গাছের ডালপালা ভেঙে পড়েছে এবং মাঠের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে ঝড়ের পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মিনিটের ঝড়েই অনেক পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়ে গড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
উপজেলার সচেতন মহল বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।









