বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কালিগঞ্জে মসজিদের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
কালিগঞ্জে মসজিদের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়ে মসজিদ কমিটি এবং স্থানীয় বাসিন্দা আলতাফ মোড়লের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মসজিদ কমিটির দাবি, জমি দখলমুক্ত রাখা ও মসজিদের পরিবেশের শৃঙ্খলা বজায় রাখতে ঘেরাবেড়া দেওয়া হয়েছে। অন্যদিকে, আলতাফ মোড়লের অভিযোগ, এতে তাঁদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, মসজিদের নামে ১৬ শতাংশ জমি রয়েছে। এর অর্ধেকের বেশি বর্তমানে তাঁদের দখলে নেই। অবশিষ্ট জমিও চলাচলের পথের অজুহাতে আলতাফ মোড়ল দখলের চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন। মসজিদ চত্বরে অনিয়ন্ত্রিত চলাচলে পরিবেশের শৃঙ্খলা ব্যাহত হওয়ায় কমিটির সিদ্ধান্তে জমি সংরক্ষণের জন্য বেড়া দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কমিটির সহসভাপতি আসফারুকুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের দাবি, অতীতে মসজিদের মাইক ও ব্যাটারি চুরি এবং জমি দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড স্থাপনের ঘটনা ঘটেছে। এসব বিবেচনায় জমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, আলতাফ মোড়ল চলাচলের পথ বন্ধের অভিযোগ তুললেও পূর্বপুরুষদের সময় থেকে ব্যবহৃত পথটি এখনো চালু রয়েছে। এ ছাড়া পাড়ার ভেতর দিয়ে বিকল্প পথও রয়েছে বলে তাঁরা দাবি করেন। সংবাদমাধ্যমে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির নেতারা।

স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগও নেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, কাগজপত্র অনুযায়ী মসজিদের ১৬ শতাংশ এবং আলতাফ মোড়লের ৭ দশমিক ৫ শতাংশ জমি রয়েছে। তবে কাগজপত্রে উল্লেখিত জমির তুলনায় উভয় পক্ষেরই বাস্তব দখল কম। তাঁদের হিসাবে, মসজিদ কমিটি প্রায় ৭ শতাংশ এবং আলতাফ মোড়ল প্রায় ২ দশমিক ৫ শতাংশ জমি ভোগদখল করছেন। বাকি জমি উভয় পক্ষেরই বেদখলে রয়েছে।

অন্যদিকে, আলতাফ মোড়ল বলেন, তাঁদের চলাচলের পথ অন্যের রেকর্ডীয় সম্পত্তির ওপর দিয়ে হওয়ায় চলাচল নির্বিঘ্ন রাখতে তিনি মসজিদ আঙিনার ভেতর দিয়ে চৌহদ্দি নির্ধারণ করে মালিকপক্ষের কাছ থেকে ৭ দশমিক ৫ শতাংশ জমি কিনেছেন। ওই পথ দিয়ে তাঁরা চলাচল করতেন। কিন্তু মসজিদ কমিটি বেড়া দেওয়ায় এখন আর পথটি ব্যবহার করতে পারছেন না।

মসজিদের জমির মালিকানা, দখল ও চলাচলের অধিকার নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও চলাচলের অধিকার নির্ধারণের মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Ads small one

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

আগামী ১০ নভেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় তিনি বলেন, বই মানুষের ভালো বন্ধু। সবার অংশগ্রহণে এবারের বইমেলা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় জানানো হয়, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রস্তুতি সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তথ্যবিবরণী

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সদস্যসচিব মেহেদী হাসান সবুজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সদস্যসচিব হিরোন কুমার মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক হোসেন আলী; পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলম; সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্যসচিব সোহাগ হোসেন; দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন; নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা, সদস্যসচিব কবির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার পল্টনে লগি-বৈঠা নিয়ে হামলা চালানো হয় এবং এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী নিহত হন। নিহতদের লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, অফিস সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।