বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ক্লাসে নেই আট দিন: সাতক্ষীরা পিটিআইয়ে দুই শিক্ষকের নিবন্ধন বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
ক্লাসে নেই আট দিন: সাতক্ষীরা পিটিআইয়ে দুই শিক্ষকের নিবন্ধন বাতিল

পত্রদূত ডেস্ক: শিক্ষকতার উৎকর্ষ বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। কিন্তু সেই প্রশিক্ষণ নিতে এসেই যেন ‘ছুটি’ কাটালেন দুই শিক্ষক। ফলস্বরূপ, সাতক্ষীরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে তাঁদের নিবন্ধন বাতিল করা হয়েছে। সাতক্ষীরা পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) কোর্সে অংশ নিয়েছিলেন দুই শিক্ষক— রুমা রায় ও দীপা বিশ্বাস। রুমা রায় আশাশুনির পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দীপা বিশ্বাস তালা উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
নিয়ম অনুযায়ী প্রশিক্ষণে নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক হলেও তাঁরা গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস অনুপস্থিত ছিলেন। কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই এই দীর্ঘ অনুপস্থিতিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
পিটিআই সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, ‘পরিমার্জিত ডিপিএড বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৩’-এর ১৮.১ উপধারা অনুযায়ী তাঁদের নিবন্ধন বাতিল করা হয়েছে। শুধু নিবন্ধন বাতিলই নয়, দায়িত্ব অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে।
সাতক্ষীরা পিটিআই কর্তৃপক্ষ জানায়Ñ“প্রশিক্ষণে নিয়মশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। নির্দেশিকা অনুযায়ী অননুমোদিত অনুপস্থিতির কোনো সুযোগ নেই।”
যদিও এই প্রশিক্ষণের জন্য তাঁরা কোনো সরকারি ভাতা গ্রহণ করেননি, তবে প্রশাসনিক শাস্তির খড়গ ঠিকই ঝুলছে তাঁদের ওপর। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পেশাগত উন্নয়নের এই সুযোগ হেলায় হারানো এবং কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়টি স্থানীয় শিক্ষা অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Ads small one

মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসকে অভির বড় ভাই এবং স্থানীয় বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেবহাটা রিপোর্টার্স ক্লাব।
গত ২৩ জুন রাত পৌনে ৯টার দিকে ধোপাডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীপক ম-লের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়নসহ ক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

 

ছবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘের দখল ও হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
ছবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘের দখল ও হয়রানির অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার বকচরা গ্রামে বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে মাছের ঘের জবরদখল, হামলা এবং মিথ্যা মামলার অভিযোগ উঠেছে আবতাফুজ্জামান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই সন্ত্রাসী কর্মকা-ের প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও সাতক্ষীরার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী আমজাদ আলী।
লিখিত অভিযোগে আমজাদ আলী উল্লেখ করেন, একই গ্রামের কওছার আলীর ছেলে আবতাফুজ্জামান দীর্ঘদিন বিদেশে থাকার পর গত ৫ আগস্টের পর দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি জেলা বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে ছবি তুলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার শুরু করেন এবং একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সহযোগিতায় আবতাফুজ্জামান ও তাঁর ভাইয়েরা আমজাদ আলীর ২০ বছরের পুরোনো মাছের ঘের দখলের চেষ্টা চালান। গত ১৩ ফেব্রুয়ারি আমজাদ আলীকে মারধর করা হলে আদালতে একটি নন-জিআর মামলা হয়। সেই ঘটনা আড়াল করতে ১৬ ফেব্রুয়ারি উল্টো আমজাদ আলীর বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ মে আবতাফুজ্জামান দলবল নিয়ে আমজাদ আলীর ১ একর ৯ শতক আয়তনের ঘেরের অংশ বেড়িবাঁধ দিয়ে দখলে নেন এবং মাছ লুট করেন। এরপর গত ৮ জুন রাতে ওই ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলা হয় এবং উল্টো আমজাদ ও তাঁর ভাইদের নামে মিথ্যা মামলা (জিআর-২৪০/২৬) দেওয়া হয়। এই জমি দখলের বিষয়ে আগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া গত ১৬ জুন রাতেও এলাকায় অন্য কয়েকজন বাসিন্দার ওপর হামলা ও হুমকির অভিযোগে থানায় পৃথক তিনটি ডায়েরি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবতাফুজ্জামান দাবি করেন, তিনি ১৭ বছর এলাকায় না থাকার সুযোগে আমজাদ আলী তাঁদের জমি দখল করে রেখেছিলেন, যা তিনি প্রশাসনের সহায়তায় উদ্ধার করেছেন। ঘেরে মাছ মারার ঘটনায় তিনি নিজেই মামলা করেছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্য সব অভিযোগ মিথ্যা।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহর আলী ও আলাউদ্দিন জানান, কম্বোডিয়ায় লোক পাঠানো ও আর্থিক লেনদেন নিয়ে স্থানীয় শুকুর আলীর সঙ্গে আবতাফুজ্জামানের পূর্ববিরোধ রয়েছে। গত ১৭ জুনের অভিযোগসহ সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে আপস-মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

 

ফেসবুকে মন্তব্যের জেরে হামলা: আশাশুনিতে ৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
ফেসবুকে মন্তব্যের জেরে হামলা: আশাশুনিতে ৫ জনের বিরুদ্ধে মামলা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আমলী ৮ নম্বর আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী দক্ষিণ দাদপুর গ্রামের মাকফুর রহমান (৩২)। আরজিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় একটি মসজিদের সাবেক ইমামের অনৈতিক কর্মকা- নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি মন্তব্য (কমেন্ট) করেছিলেন। এর জেরে গত ১৯ জুন রাতে আগরদাড়ী গ্রামের একটি চায়ের দোকানের সামনে আসামিরা দলবদ্ধভাবে লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। হামলায় গুরুতর জখম মাকফুর প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মামলায় আফজাল হোসেন, হৃদয়, সাদ্দাম হোসেন, রুস্তম আলী ও বাবুর আলীকে আসামি করা হয়েছে।