ধর্মের নামে রাজনীতি: আদর্শের মুখোশ নাকি ক্ষমতার লোভ?
মুক্তমত
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এ দেশের ধর্মীয় চেতনা, মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির সঙ্গে ইসলাম গভীরভাবে সম্পৃক্ত। ফলে যারা নিজেদের ইসলামী আদর্শের ধারক-বাহক হিসেবে পরিচয় দেন এবং ইসলামের নামে রাজনীতি করেন, তাদের প্রতি জনগণের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। মানুষ আশা করে, ইসলামের কথা যারা বলবেন, তারা নিজেদের ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক কর্মকান্ডেও ইসলামের শিক্ষা ও বিধানের প্রতিফলন ঘটাবেন।
কিন্তু বাস্তবতায় কিছু মৌলিক প্রশ্ন বারবার সামনে আসে। একদিকে ইসলামী রাষ্ট্র, শরিয়াহভিত্তিক সমাজব্যবস্থা এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার উচ্চারিত হয়; অন্যদিকে রাজনৈতিক কর্মকান্ডের বহু ক্ষেত্রে এমন কিছু চিত্র দেখা যায়, যা ঘোষিত আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এটি কি আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা, নাকি আদর্শকে রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা করার প্রবণতা?
বিশেষত পর্দা ও শালীনতার প্রশ্নে এই বিতর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে। ইসলামে পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান হিসেবে বিবেচিত। অথচ ইসলামী পরিচয়ে পরিচালিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ ও প্রচারণায় নারীদের প্রকাশ্য অংশগ্রহণ, মিশ্র পরিবেশ এবং অনেক ক্ষেত্রে বেপর্দা উপস্থিতি নিয়ে ধর্মপ্রাণ মানুষের একটি অংশ দীর্ঘদিন ধরে প্রশ্ন উত্থাপন করে আসছে। তারা জানতে চায়, যদি ইসলামের প্রতিটি বিধান বাস্তবায়নের দাবি করা হয়, তবে সেই দাবির প্রথম প্রতিফলন কি নিজেদের সাংগঠনিক কর্মকান্ডে দৃশ্যমান হওয়া উচিত নয়?
মসজিদের ব্যবহার নিয়েও সমাজে আলোচনা রয়েছে। ইসলামের ইতিহাসে মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি শিক্ষা, দাওয়াত, সমাজসেবা ও নৈতিক নেতৃত্বেরও কেন্দ্র ছিল। সে অর্থে ইসলামী আদর্শভিত্তিক কোনো সামাজিক বা ধর্মীয় কর্মকান্ডে মসজিদের সম্পৃক্ততা নিয়ে আপত্তির অবকাশ কম। কিন্তু প্রশ্ন তখনই সৃষ্টি হয়, যখন একই সঙ্গে ইসলামের কঠোর বিধান প্রতিষ্ঠার দাবি করা হয়, অথচ নিজেদের রাজনৈতিক কার্যক্রমে সেই বিধানের পূর্ণ প্রতিফলন দেখা যায় না।
যদি কোনো সংগঠন সত্যিকার অর্থে ইসলামী আদর্শের প্রতিনিধিত্বের দাবি করে, তাহলে জনগণ স্বাভাবিকভাবেই প্রত্যাশা করবে যে তাদের বক্তব্য, কর্মপদ্ধতি ও সাংগঠনিক সংস্কৃতির মধ্যে আদর্শগত সামঞ্জস্য থাকবে। আদর্শের শক্তি স্লোগানে নয়, বরং তার বাস্তব প্রয়োগে নিহিত। জনগণ শুধু ইসলামের নাম শুনতে চায় না; তারা ইসলামের শিক্ষা ও নৈতিকতার বাস্তব প্রতিফলন দেখতে চায়। সততা, ন্যায়বিচার, আমানতদারি, শালীনতা, আত্মসমালোচনা এবং জবাবদিহিতা এসবই ইসলামের মৌলিক শিক্ষা। কিন্তু যখন কথার সঙ্গে কাজের ফারাক সৃষ্টি হয়, তখন মানুষের মনে প্রশ্ন ও সংশয় জন্ম নেওয়া স্বাভাবিক।
আজকের রাজনৈতিক বাস্তবতায় ধর্মীয় আবেগকে কেন্দ্র করে জনসমর্থন অর্জনের প্রবণতা দৃশ্যমান। কিন্তু ইসলাম কেবল আবেগের বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ নৈতিক ও আদর্শিক জীবনব্যবস্থা। তাই ইসলামের নাম ব্যবহারের চেয়ে ইসলামের শিক্ষা অনুসরণ করাই অধিক গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তি বা সংগঠনের গ্রহণযোগ্যতা শেষ পর্যন্ত নির্ধারিত হবে তাদের ঘোষিত আদর্শ ও বাস্তব কর্মকান্ডের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে তার ভিত্তিতে। কারণ আদর্শের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয় কথায় নয়, কর্মে; দাবিতে নয়, বাস্তব প্রয়োগে।









