পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে কেউ পাস করেনি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজ। অন্যদিকে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের তিন পরীক্ষার্থীর কেউই পাস করেনি।
ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে ১২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭৪ জন। পাসের হার ৫৭ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। অকৃতকার্য হয়েছেন ৫৫ জন।
উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা সরকারি কলেজে ৩০৯ জনের মধ্যে পাস করেছেন ৮৯ জন, পাসের হার ২৮ দশমিক ৮০ শতাংশ। কপিলমুনি কলেজে ৩৪৪ জনের মধ্যে ১৪২ জন, পাসের হার ৪১ দশমিক ২৮ শতাংশ। হরিঢালী কপিলমুনি মহিলা কলেজে ৬৭ জনের মধ্যে ২৪ জন, পাসের হার ৩৫ দশমিক ৮২ শতাংশ। রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলে ৪৩৫ জনের মধ্যে ১২৮ জন, পাসের হার ২৯ দশমিক ৪৩ শতাংশ।
লক্ষীখোলা কলেজিয়েট স্কুলে ১৪৭ জনের মধ্যে ৭৯ জন পাস করেছেন। পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ। গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা ডিগ্রি কলেজে ২৬৬ জনের মধ্যে ৩৪ জন, পাসের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। দেলুটির কালিনগর কলেজে ৭৪ জনের মধ্যে ১৪ জন, পাসের হার ১৮ দশমিক ৯২ শতাংশ। চাঁদখালী কলেজে ৫৯ জনের মধ্যে আটজন, পাসের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। সোলাদানার সরদার আবু হোসেন কলেজে ৩০ জনের মধ্যে একজন পাস করেছেন, পাসের হার ৩ দশমিক ৩৩ শতাংশ।
এ ছাড়া দরগাহপুর এসকেআরএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১৭ জন। পাসের হার ২০ দশমিক ৭৮ শতাংশ। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন একজন।
ফলাফলে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় উপজেলার উচ্চমাধ্যমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।









