পাইকগাছায় পুলিশের তৎপরতায় হ্যাকারদের কবল থেকে ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের উদ্যোগে পুরো টাকা ফেরত পেয়েছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে। তিনি গত চার বছর ধরে পাইকগাছায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত। রাজশাহীর মোহনপুরে সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় তাঁর একটি হিসাব রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করেন।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ আপডেট চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট দেন। প্রায় ৪৫ মিনিট পর ফোনটি পুনরায় চালু হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি লেনদেনের বার্তা পান। পরে ব্যাংক হিসাব যাচাই করে দেখেন, সেখান থেকে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ধারণা, অজ্ঞাত প্রতারক চক্র মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় শুক্রবার অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) একরামের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পুলিশের তৎপরতা ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতারক চক্র টাকা উত্তোলন করতে পারেনি। একপর্যায়ে রোববার বিকেল ৩টার দিকে ভুক্তভোগীর ব্যাংক হিসাবে পুরো টাকা ফেরত আসে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সমস্যায় পাইকগাছা থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।









