পৌরসভায় সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কমিউনিটি সংলাপ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘কমিউনিটি সংলাপ: পরিবর্তনের গল্প’ অনুষ্ঠিত হয়েছে।
শহরের একটি কনভেনশন হলে ‘রূপান্তর’ নামের একটি সংস্থার আয়োজনে এক্স৪ইমপ্যাক্ট কর্মসূচির অধীনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীরা এতে অংশ নেন।
সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, পূর্বে পৌর এলাকায় সুপেয় পানির তীব্র সংকট থাকলেও বর্তমানে জারের পানি, ডিপ টিউবওয়েল, ফিল্টার ও আরঅ প্ল্যান্টের মাধ্যমে পানীয় জলের সুযোগ বেড়েছে। কিছু এলাকায় নারী উদ্যোক্তারাও নিরাপদ পানি সরবরাহের উদ্যোগে যুক্ত হয়েছেন।
পাশাপাশি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার প্রবণতা বাড়লেও পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ও নিয়ম না মানার চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। সার্বিক সমন্বয় করেন রূপান্তরের প্রতিনিধি মোছা. জোহুরা খাতুন মীরা।



