বসতভিটাহীন প্রতিমার ফুটবল স্বপ্ন কি থেমে যাবে অর্থাভাবে?
চিকিৎসার জন্য ইউএনও ও জেলা প্রশাসকের কাছে মায়ের আর্থিক সহায়তার আবেদন
এম এম জামান মনি, পাটকেলঘাটা: দেশের হয়ে ফুটবল খেলে গৌরব অর্জনের স্বপ্ন প্রতিমা মুন্ডার। অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের এই খেলোয়াড় সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গাছা দুর্গাপুর গ্রামের বাসিন্দা। কিন্তু অসুস্থতা, আর্থিক সংকট ও বসতভিটাহীন পরিবারের দুর্দশায় তাঁর ফুটবল ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত পাওয়ায় প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি।
মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর মা সুনিতা মুন্ডা।
প্রতিমা মুন্ডা শ্রীকান্ত মুন্ডা ও সুনিতা মুন্ডার ছোট মেয়ে। গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই ফুটবলে তাঁর প্রতিভার বিকাশ ঘটে। বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের সহযোগিতা ও তত্ত্বাবধানে খেলাধুলায় এগিয়ে যান তিনি। প্রতিমার নৈপুণ্যে বিদ্যালয়টি ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন এবং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
পরবর্তী সময়ে সাতক্ষীরার ক্রীড়া সংগঠক আরিফুল হাসান প্রিন্সের তত্ত্বাবধানে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান প্রতিমা। এ ছাড়া খলিশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম চঞ্চল বিভিন্ন সময়ে তাঁকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন প্রতিমা ও তাঁর মা।
প্রতিমার পরিবার অত্যন্ত দরিদ্র। বাবা শ্রীকান্ত মুন্ডা জীবিকার তাগিদে নড়াইল, গোপালগঞ্জ ও রাঙামাটিসহ বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করেন। মা সুনিতা মুন্ডাও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালান। এমন পরিস্থিতিতে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এদিকে বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রতিমার পরিবারের কাছে গত ২৫ সেপ্টেম্বর মাসিক খরচ বাবদ বকেয়া ৪৬ হাজার ৮৪০ টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ টাকা কীভাবে জোগাড় করবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি। সম্প্রতি চিকিৎসার জন্য বিকেএসপি কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রায় এক মাস উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
প্রতিমার মা সুনিতা মুন্ডা কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেয়ে না খেয়ে অন্যের জমিতে কাজ করে মেয়ের জন্য টাকা পাঠিয়েছেন। দেশের সম্মান অর্জনের জন্য খেলতে গিয়ে মেয়েটি আহত হয়েছে। এখন অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে কি না, সেই দুশ্চিন্তায় রয়েছেন তিনি। মেয়ের সুচিকিৎসার জন্য রাষ্ট্র ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আফরোজা স্বর্ণা বলেন, প্রতিমার জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। তিনি সুস্থ হয়ে আবারও খেলার মাঠে ফিরবেনÑএটাই প্রত্যাশা। একই সঙ্গে এই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমার সাবেক শিক্ষক অজয় কুমার সরকারও তাঁর চিকিৎসা ও ভবিষ্যৎ খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় গাছা বাজার মন্দির কমিটির সভাপতি চিকিৎসক হরিশচন্দ্র সরকারসহ এলাকার কয়েকজনও প্রতিমার পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
অভাব-অনটনের মধ্যেও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা প্রতিমা এখন সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায়। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহযোগিতা পেলে তাঁর প্রতিভা আবারও বিকশিত হওয়ার সুযোগ পাবেÑএমন প্রত্যাশা স্থানীয়দের।









