শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান (মোড়ল) নীলকান্ত মুন্ডা। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক আদিবাসীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
কৌশল্য মুন্ডার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় কমলা মুন্ডাসহ স্থানীয় আদিবাসী প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা উল্লেখ করেন, আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাঁদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় আদিবাসী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।












