সম্পাদকীয়/ সাতক্ষীরায় তীব্র পানি সংকট: নাগরিক ভোগান্তির অবসান হোক
উপকূলীয় জেলা শহর সাতক্ষীরার পৌরবাসীর জন্য সুপেয় পানি এখন এক সোনার হরিণে পরিণত হয়েছে। সম্প্রতি নাগরিক সংলাপে উঠে আসা তথ্য অনুযায়ী, সাতক্ষীরা পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯টি পরিবারের মধ্যে মাত্র ৩১ শতাংশ পরিবারকে পানির সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, যাঁদের বৈধ সংযোগ রয়েছে, তাঁরাও নিয়মিত বা ব্যবহারযোগ্য পানি পাচ্ছেন না। সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ, ময়লা এমনকি কেঁচো পাওয়ার মতো অভিযোগ পৌরসভার পানি ব্যবস্থাপনার চরম বেহাল দশাকেই ফুটিয়ে তোলে।
পানি জীবনের অপরিহার্য উপাদান। অথচ পৌরসভার সরবরাহকৃত পানি পান করা তো দূরের কথা, দৈনন্দিন গৃহস্থালি কাজেও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত পরিবারগুলোকে বাধ্য হয়ে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে জারের পানি কিনতে হচ্ছে। আর বদ্দীপুর কলোনির মতো বস্তি ও নি¤œ আয়ের এলাকার বাসিন্দাদের দুর্দশা আরও ভয়াবহ। বছরের অর্ধেক সময় পানিবন্দি থাকা এই মানুষগুলো পৌরসভার বাসিন্দা হয়েও সুপেয় পানির ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত।
একদিকে বিগত এক দশকে সাতক্ষীরা শহরের আয়তন ও জনসংখ্যা বহুগুণ বেড়েছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার পানি উৎপাদনক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও লবণাক্ততা সংকটকে আরও ঘনীভূত করেছে। কিন্তু প্রাকৃতিক কারণকে দোহাই দিয়ে কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। পাইপলাইনের ত্রুটি মেরামত না করা, পানি পরিশোধনে অবহেলা এবং নিয়মিত তদারকির অভাবেই পানিতে ময়লা ও কেঁচো আসার মতো অগ্রহণযোগ্য ঘটনা ঘটছে। বাধ্য হয়ে অনেক গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করছেন, যা একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য চরম ব্যর্থতার পরিচায়ক।
এই অচলাবস্থা নিরসনে নাগরিক সমাজের পক্ষ থেকে যে আট দফা সুপারিশ তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত। জলাধার নির্মাণ, পুকুর ভরাট রোধ, প্রতিটি বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং বস্তি এলাকায় পর্যাপ্ত পানির ট্যাপ স্থাপনের মতো পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে বাজারে বিক্রি হওয়া জারের পানি ও পৌরসভার সরবরাহকৃত পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে মানুষ বিশুদ্ধ পানির নামে প্রতারিত না হয়।
পানি সরবরাহ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি। সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের উচিত অবিলম্বে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করে তা বাস্তবায়নে সচেষ্ট হওয়া। নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সুপেয় পানির নিশ্চয়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেÑএটাই প্রত্যাশা।









