সাতক্ষীরা সদর হাসপাতাল: সেবার মান বাড়াতে টিআইবি-সনাকের অ্যাকশন মিটিং
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে একটি ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ বা গণ-অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের মধ্য লস্কর পাড়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা সাতক্ষীরা সদর হাসপাতালের সাম্প্রতিক কিছু ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে হাসপাতালে সান্ধ্যকালীন প্যাথলজি বিভাগ চালু হওয়া এবং ২৪ ঘণ্টা ডেলিভারি সেবা চালু রাখাকে স্বাগত জানান সেবাগ্রহীতারা।
প্রশংসার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সংকট ও অব্যবস্থাপনার চিত্রও সভায় তুলে ধরা হয়। এসিজি’র নিয়মিত ‘কমিউনিটি মনিটরিং’ কার্যক্রমে চিহ্নিত হওয়া বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করে বক্তারা বলেন, হাসপাতালে এখনো অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা রয়েছে। টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ কেন্দ্র এবং ডাক্তার দেখানোর ক্ষেত্রে সঠিক সিরিয়াল মানা হচ্ছে না। নারী ও পুরুষদের আলাদা লাইনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। হাসপাতাল চত্বরে দালাল চক্রের উৎপাত রয়েছে, যার কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাধারণ সেবাগ্রহীতারা হাসপাতালের নতুন কিছু সমস্যার কথা তুলে ধরেন। সাবিহা, নিলুফা ও ইলিয়াস নামের কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, হাসপাতালের ভেতরের চেয়ে বাইরের নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশি পাঠানো হচ্ছে। এছাড়া নার্সদের অসৌজন্যমূলক আচরণ এবং অতি গুরুত্বপূর্ণ কিছু ওষুধের সংকট রয়েছে বলেও তারা দাবি করেন।
ভুক্তভোগী সেবাগ্রহীতারা বলেন, “হাসপাতালের প্যাথলজি সেবা উন্নত করা হলেও কিছু ক্ষেত্রে এখনো রোগীদের বাইরের ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি ওষুধ পাওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে।”
সভায় জানানো হয়, চিহ্নিত এই সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ নিয়ে খুব শিগগিরই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটি অ্যাডভোকেসি (সুপারিশ) সভা আয়োজন করা হবে।
এসিজি’র সমন্বয়ক মো. মামুনার রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সমন্বয়ক তাহেরা পারভীন হিরা। আলোচনায় আরও অংশ নেন সনাক-এর সহসভাপতি ইয়াছীন সিদ্দীকী, সদস্য রেবেকা সুলতানা, মনিরুজ্জামান মুন্না, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সিই আল-আমিন, ইয়েস সদস্য সৌভাগ্য দাস, মো. সানজিদ ও ইরানী আক্তার প্রমুখ।









