সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বেশি মালামাল জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন বৈকারী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈকারী বিওপির অভিযানে ঈদগাহ এলাকা থেকে ৯৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং তলুইগাছা বিওপির অভিযানে বেরিবাঁধ এলাকা থেকে ২ লাখ ৭ হাজার টাকা মূল্যের একই ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালি এলাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার সময় এসব মালামাল জব্দ করা হয়। চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









