শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাসুদ রানা: ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ হয়েছে।

‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর সেক্রেটারি মোঃ নুরুন্নবী।

‎প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “আজকের মেধা কেবল জিপিএ-৫ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং এই মেধাকে সততা ও দেশপ্রেমের আলোয় আলোকিত করতে হবে। মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ছাড়া কখনো একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে আমাদের তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

‎প্রধান আলোচক সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের কেবল একাডেমিক ফলাফলে সফল হলেই চলবে না, তাদের একজন আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে মেধা ও নৈতিকতার অপূর্ব সমন্বয় ঘটিয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে সেরা হওয়ার পাশাপাশি আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।”

‎অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার হিসেবে প্রদান করা হয় স্মারক ক্রেস্ট, ফুল, বিভিন্ন ইসলামী বই, কলম, প্যাড ও দাওয়াতী উপকরণ। এছাড়া শিক্ষার্থীদের স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার জন্য ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফটোফ্রেম। একই সাথে সংগঠন ও সমাজ গঠনে শিক্ষার্থীদের গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা গ্রহণের জন্য ব্যবস্থা করা হয় একটি বিশেষ ‘পরামর্শ বোর্ড’। ‎এছাড়া শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ কামাল উদ্দিন।

‎৩০০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
‎আলোচনা ও উপহার প্রদান পর্বে ‘কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা’-এর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইন সম্পাদক মোঃ আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন, সহকারী এইচআরডি সম্পাদক হাঃ রাসেল হুসাইন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ এবং আগরদাঁড়ী মাদ্রাসা থানা সভাপতি মোঃ মুহিব্বুল্লাহ।

Ads small one

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস ও আল আমিনসহ স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন মেহেদী হাসান। পথে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

এদিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতের নাম সোহান (১৯)। সে ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুরের ছেলে।

 

আহত জিম একই গ্রামের রওশন আলীর ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাধবকাটি বাজার এলাকায় মেইন রোডে দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তাদেরকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা অবস্থায় সোহান হোসেন মারা যান। আর আহত জিমকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদরের ধুলিহর ও আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ব্যাপক ব্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
সদরের ধুলিহর ও আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ব্যাপক ব্ষয়ক্ষতি

জিএম আমিনুল ইসলাম/বিএম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আকস্মিক টর্নেডো ঝড়ে চারটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উত্তর বাইনতলা গ্রামে প্রবল বাতাসের সঙ্গে আকস্মিক এ ঝড়ের ঘটনা ঘটে। এতে চারটি বসতঘর, ঘরের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ প্রচন্ড বেগে বাতাস শুরু হয়। একপর্যায়ে টর্নেডোর মতো ঝড়ে উত্তর বাইনতলা গ্রামের মৃত রহিম মোল্যার ছেলে দাউদ মোল্যা, আইয়ুব আলী মোল্যা, সাহেব আলী মোল্যা ও তার ছেলে নয়ন মোল্যার মোট চারটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তান্ডবে ঘরের এলবেস্টারের ছাউনি ও বেড়া উড়ে যায়। একই সঙ্গে ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে এবং ভেতরে থাকা আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বড়দল ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা ও চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে আব্দুল গফুর সানা ও শরিফুল ইসলাম শরীফ নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

এদিকে, টর্নেডো ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থলের পরিস্থিতি জানতে লোক পাঠিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা ও শুকদেবপুর গ্রামে গভীর রাতে আকস্মিক টর্নেডোর হানায় একটি মন্দিরসহ একাধিক কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দুইটার দিকে আঘাত হানা এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টর্নেডোর তা-বে যুগীপোতা গ্রামের উৎপল সরকার, জ্ঞানেশ সরকার, আকলিমা খাতুন এবং শুকদেবপুর গ্রামের একটি মন্দির ও মন্টু বিশ্বাসসহ একাধিক ব্যক্তির বসতবাড়ি, গোয়ালঘর ও বিচলির গাদা তছনছ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

ঘটনার পর ২৬ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত দুর্ঘটনাকবলিত গ্রাম, ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার বিষয়টি শোনেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি সহায়তার জন্য দ্রুত ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল, জিএম আমিনুল হক, ইউপি সদস্য তপন কুমার শীলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতাপনগরে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
প্রতাপনগরে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার থেকে প্রতাপনগর মাদ্রাসা পর্যন্ত বেহাল সড়কের ক্ষতিগ্রস্ত তিনটি অংশ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে সড়কের খানাখন্দ ভরাট করে যাতায়াত উপযোগী করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির গুরুত্বপূর্ণ তিনটি অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রতাপনগরসহ আশপাশের এলাকার মানুষের প্রতিদিন বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র পথ এটি। জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাময়িক সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

সংস্কারকাজে অংশ নেন আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান হোসেন, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াসাত আলী, ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, শ্রমিক নেতা আলহাজ মাওলানা মোয়াজ্জেম হোসাইন, ওয়ার্ড সভাপতি মাওলানা বেলাল হোসেন ও তালতলা বাজার কমিটির সভাপতি ডা. খাইরুল ইসলাম। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি দ্রুত সরকারি উদ্যোগে সংস্কার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।