মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিনিধি: নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় নারীর প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের হোটেল টাইগার প্লাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ’ (এজওআইপি) প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, “একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারীর অংশগ্রহণ অপরিহার্য। নির্বাচনী সহিংসতা রোধে প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

অ্যাডভোকেসি সভায় জেন্ডার বিশেষজ্ঞ শিউলি আক্তার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি নারীর প্রতি নির্বাচনী সহিংসতার ধরণ এবং প্রতিকারের উপায়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা।

সভায় আলোচকবৃন্দ নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। তা হলোÑনির্বাচনী অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা। ভোটকেন্দ্রে নারী ভোটার ও প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনে দ্রুত ও সহজ পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ। রাজনৈতিক দলগুলোর নিজস্ব আচরণবিধিতে নারীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি অন্তর্ভুক্ত করা।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার বলেন, নির্বাচনী মাঠে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) সাইদুর রহমান মৃধা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারও এ বিষয়ে বিভাগীয় পদক্ষেপের কথা তুলে ধরেন।

সভায় বক্তারা একমত পোষণ করেন যেÑনির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল এবং পরিবারÑ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে নারীর জন্য একটি সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে।

অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুলসহ ওসিসি প্রতিনিধি, আইনজীবী, লিগ্যাল এইড সহায়তাকারী সিএসও সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই সভাটি অভিজ্ঞতা বিনিময় ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

 

Ads small one

কেশবপুরে দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর মৃত্যু, কন্যা আশঙ্কাজনক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কেশবপুরে দুই সন্তানসহ বিষপানে গৃহবধূর মৃত্যু, কন্যা আশঙ্কাজনক

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঘাস মারার বিষপান করে রহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শিশু কন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মূলগ্রামে বাবার বাড়ির পাশে স্থানীয় বিদ্যালয়ের পিছনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা খাতুন তার শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিমকে ঘাস মারার বিষ খাওয়ায়ে নিজেও খান। এলাকার মানুষ টের পেয়ে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রহিমা খাতুন মারা যান। শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা খাতুন। তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার মূলগ্রামে। বাবার নাম আব্দুল মতলেব।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত বলেন, মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ মারা যান। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তার স্বজনদেরকে জানানো হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় অনুপস্থিত ৫০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
শ্যামনগরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় অনুপস্থিত ৫০ জন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত শিক্ষার্থী ৫০ জন এবং উপস্থিত শিক্ষার্থী ২১৮২ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, এসএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ১০ জন, দাখিলে দুটি কেন্দ্রে অনুপস্থিত ৩৭ জন ও কারিগরির দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৩ জন। উপস্থিত শিক্ষার্থী এসএসসিতে ১৩৩৯ জন, দাখিলে ৭৩৩ জন ও কারিগরিতে ১১০ জন। এসএসসি পরীক্ষার তিনটি কেন্দ্র হল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়। দাখিলের দুটি কেন্দ্র হল শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসা ও নওয়াবেঁকী বিড়ালাক্ষা¥ী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা। কারিগরি পরীক্ষার কেন্দ্র দুটি হল শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

তালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
তালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম-এর বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল।
বিদায়ী বক্তব্যে গাজী সাইফুল ইসলাম তালা উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং অন্যান্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।
তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।