বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরার ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকেরা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে প্রশাসন। এ ঘটনায় মেয়েটির অভিভাবকদের বাল্যবিবাহের আইনগত দিক ও শাস্তির বিধান সম্পর্কে অবহিত করা হয়। পরে তাঁরা বিয়ের উদ্যোগ থেকে সরে এসে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেবেন না বলে মুচলেকা দেন।

ঘটনাটি উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের। আগামী শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মেয়েটির বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কাওসার আজিজের নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত সার্বিক পরিস্থিতি সমন্বয় করেন।

বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেন সাকিবুর রহমান বাবলা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষাকর্মী আফসার সুলতানা ও বাশিয়ার রহমান, সিডব্লিউসিএসের লিয়াজো কর্মকর্তা রুহুল আমিন, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান ও বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন ও এর শাস্তির বিধান সম্পর্কে জানান।

জানা গেছে, মেয়েটির সঙ্গে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম সরদারের ছেলে সুমন হোসেন শামীমের বিয়ে ঠিক করা হয়েছিল। শামীম একটি মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

এ সময় অভিভাবকদের মেয়ের বয়স, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো বোঝানো হয়। মেয়েটিকেও প্রাথমিক মনোসামাজিক কাউন্সেলিং করা হয়। পরে অভিভাবকেরা বিয়ের উদ্যোগ বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা দেন। উপজেলা প্রশাসন থেকেও এ বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Ads small one

আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের অর্থায়নে, ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রকল্পের যোগাযোগ ও প্রচার কর্মকর্তা মার্জুবা আফরা উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

সভায় জানানো হয়, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা, নারীর নেতৃত্ব ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, সচেতনতা কার্যক্রম এবং নীতিগত সুপারিশ নিয়ে কাজ করবে প্রকল্পটি। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বক্তব্য দেন।

আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলের হলরুমে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ অন্যরা। বক্তারা শিক্ষার্থীদের এসব সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

পত্রদূত ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কোরআনখানি, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় বক্তব্য দেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অতিথিরা। বক্তারা বলেন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ডা. এম আর খানের অবদান স্মরণীয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর উদ্যোগ এবং শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আজও ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সাতক্ষীরার বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর অংশ হিসেবে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে ২৭৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯৩ জনের ছানি অস্ত্রোপচার এবং ১২ জনের নালি অস্ত্রোপচারের জন্য তালিকা করা হয়। শিবির উদ্বোধন করেন লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এর আর্থিক সহযোগিতা করেন শেখ মোয়াজ্জেম হোসেন।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডা. এম আর খানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।