রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ণ
হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে দুজন ও সন্দেহজনক হামে আট জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে গত ১৫ মার্চ আজ পর্যন্ত হামে সারা দেশে ৫৭৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতি ও বুধবার পাঁচ জন এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল অধিদপ্তর।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৯৪৩ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন।

Ads small one

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাতক্ষীরার বাদাবন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাতক্ষীরার বাদাবন

শ্যামল শীল

সাতক্ষীরার উপকূলীয় জনপদ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাদাবন বা ম্যানগ্রোভ বন। পৃথিবীর বৃহত্তম একক প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি উল্লেখযোগ্য অংশ সাতক্ষীরা জেলায় অবস্থিত। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমানো এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বন।

সাতক্ষীরার শ্যামনগরসহ সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার মানুষের জন্য বাদাবন প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ের শক্তি কমাতে ম্যানগ্রোভ গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছের শিকড় মাটি আঁকড়ে ধরে উপকূলীয় ভূমিক্ষয় কমাতে সহায়তা করে। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বাদাবনের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ, আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ও কার্যকর দুর্যোগ প্রস্তুতিও জরুরি।

সুন্দরবন জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পশুর ও বাইনসহ নানা প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে জন্মে। এ বনে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর, বন্য শূকর, কুমির, ডলফিন, অজগর ও বিভিন্ন প্রজাতির পাখির আবাস রয়েছে। বনের নদী, খাল ও জলাভূমি মাছ, চিংড়ি ও কাঁকড়ার গুরুত্বপূর্ণ আবাসস্থল ও প্রজননক্ষেত্র। এই জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

সুন্দরবনকে কেন্দ্র করে সাতক্ষীরার বহু মানুষের জীবিকা গড়ে উঠেছে। বনসংলগ্ন এলাকার মানুষ মাছ ও কাঁকড়া আহরণ, অনুমতি সাপেক্ষে মধু ও গোলপাতা সংগ্রহ এবং পর্যটনসংশ্লিষ্ট কাজে যুক্ত। তবে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত সম্পদ আহরণ বনের স্বাভাবিক পুনরুৎপাদন ব্যাহত করতে পারে। তাই সরকারি বিধিনিষেধ মেনে সম্পদ আহরণ এবং বননির্ভর মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও বাদাবনের গুরুত্ব অপরিসীম। ম্যানগ্রোভ বন বায়ুমণ্ডল থেকে কার্বন ধারণ করে গাছপালা ও মাটিতে সঞ্চয় করে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার পরিবর্তন, নদীভাঙন ও ঘূর্ণিঝড় সুন্দরবনের জন্য বড় চ্যালেঞ্জ। এসব ঝুঁকি মোকাবিলায় বনভূমি সংরক্ষণ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।

সুন্দরবনের অসাধারণ জীববৈচিত্র্য ও বৈশ্বিক গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে বাংলাদেশের সুন্দরবন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই স্বীকৃতি বনটির আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে। তাই সুন্দরবন রক্ষা করা বাংলাদেশের জাতীয় দায়িত্বের পাশাপাশি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণেরও অংশ।

সুন্দরবন রক্ষায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, বন্য প্রাণী শিকার ও নদী-খাল দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বন বিভাগের নজরদারি বাড়ানো, স্থানীয় জনগণকে সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসার ঘটানো প্রয়োজন। বননির্ভর মানুষের জীবিকা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাই হতে পারে টেকসই ব্যবস্থাপনার ভিত্তি।

সাতক্ষীরার বাদাবন শুধু উপকূলের প্রাকৃতিক ঢাল নয়, এটি জীববৈচিত্র্যের আশ্রয়স্থল এবং হাজারো মানুষের জীবন-জীবিকার অবলম্বন। এই বন ক্ষতিগ্রস্ত হলে পরিবেশের ভারসাম্য, স্থানীয় অর্থনীতি ও উপকূলীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই সুন্দরবন সংরক্ষণে সরকার, বন বিভাগ, স্থানীয় জনগণ, গবেষক ও পরিবেশকর্মীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাদাবন রক্ষাকে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাতক্ষীরার টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

লেখক: সাবেক শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মায়ের হাসি’ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাঁদের প্রায় ৯২ শতাংশ চিকিৎসাসেবা পান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে আত্মহত্যায় ৪ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়।

বক্তারা মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করা, সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মায়েদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার। মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। প্রেসবিজ্ঞপ্তি

পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারে পোর্টালটির কার্যালয়ে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অব.) ও লেখক-কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাচ্চা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ ও আলম গাজীসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তাঁরা সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।