অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেবে না সরকার: প্রতিমন্ত্রী
সংবাদদাতা: অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থী যেন নিজের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারে, সরকার তা নিশ্চিত করতে চায়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার সরকারি হাসপাতালে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, আগামী বছরের জুনের আগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনারি ইউনিট চালু হবে। এরপর সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ দেলোয়ার হোসেন খান খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মিজানুর রহমান খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০০টি অসহায় পরিবার ও ১০০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।












