তালায় দুই কাগজি ফুল গাছে শত শত চড়ুই পাখির নিরাপদ আশ্রয়
শাহিন আলম, খলিষখালী (পাটকেলঘাটা): শীতের আগমনী হাওয়া ও কুয়াশাভেজা সকালের মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। স্থানীয় সংবাদকর্মী আব্দুল মোমিনের বাড়ির দুটি কাগজি ফুল গাছে আশ্রয় নিয়েছে শত শত চড়ুই পাখি। প্রতিদিন সকাল ও বিকেলে পাখিদের কলকাকলি ও ওড়াউড়ি দেখতে ভিড় করছেন পথচারী ও এলাকাবাসী।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চড়ুই পাখির দল গাছ দুটিতে এসে জড়ো হয়। ঘণ্টা দুয়েক অবস্থানের পর খাবারের সন্ধানে আশপাশের মাঠে ছড়িয়ে পড়ে তারা। বিকেল হলেই আবার ফিরে আসে নির্দিষ্ট গাছ দুটিতে। পাখিদের কিচিরমিচির শব্দ ও দলবদ্ধ ওড়াউড়িতে বাড়ির আশপাশে তৈরি হয় মনোরম পরিবেশ।
বাড়ির মালিক এবং রূপালী বাংলাদেশ ও বাংলাপোস্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন জানান, শীতের আমেজ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন এমন দৃশ্য দেখা যাচ্ছে। চড়ুই পাখির কলকাকলিতে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মুগ্ধ। পাখিগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের সবাই গাছ দুটির প্রতি বিশেষ যত্নশীল রয়েছেন, যাতে কেউ পাখিদের বিরক্ত করতে না পারে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর মোড়ল বলেন, রাস্তা দিয়ে যাতায়াতের সময় চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শুনে মন জুড়িয়ে যায়। পথচারীরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পাখিদের এই সমাগম উপভোগ করেন।
একইভাবে পাখির ডাক শুনে বাড়িতে প্রবেশ করেন ইমপালস ফার্মাসিউটিক্যালসের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মাসুম হোসেন। তিনি বলেন, শত শত চড়ুইয়ের একসঙ্গে ডাকাডাকি শৈশবের গ্রামীণ পরিবেশের কথা মনে করিয়ে দেয়।
পরিবেশবিদ আশেক ই এলাহীসহ পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে গাছপালা কাটার কারণে পাখি ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এমন পরিস্থিতিতে মানুষের বসতবাড়িতে চড়ুই পাখির নিরাপদ আশ্রয় গড়ে ওঠা ইতিবাচক দৃষ্টান্ত। মানুষের আন্তরিকতা ও প্রকৃতিপ্রেম পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।












